এসে গেছে বইমেলা। আর বইমেলা উপলক্ষে এবার গুজব প্রকাশনী কিছু আজব বই প্রকাশ করেছে। জেনে নিন সেসব বইয়ের নাম ও লেখকের নাম। আর সেসব বই পড়লে কী কী উপকার হবে সেসব কিছু তুলে ধরেছেন গুজব প্রকাশনীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফরিদ আহমেদ ও সবগুলো বইয়ের প্রচ্ছদ এঁকেছেন মেনন খান
মেয়েদের মন বোঝার উপায়
দশ হাজার পৃষ্ঠার বইটির নয়শত নিরানব্বইতম সংস্করণ এবার বের হচ্ছে গুজব প্রকাশনী থেকে। তাহলে বুঝুন বইটি কতটা জনপ্রিয়। বইটির লেখক অবুঝ খোকা ওরফে বলদ। বইটির লেখককে তার মা খোকা বলে ডাকলেও লেখকের প্রেমিকা তাকে অবুঝ বলদ বলেই ডাকে। এ সম্পর্কে লেখকের প্রেমিকার অভিযোগ যে, লেখক তার নিজের প্রেমিকারই মন বুঝতে পারে না, আর সে কিনা এক হাজার পৃষ্ঠার বই ‘মেয়েদের মন বুঝার উপায়’-এর লেখক! শেষ খবর পাওয়া পর্যন্ত লেখকের প্রেমিকা আফসোস করে স্যাটেলাইটে চড়ে মঙ্গল গ্রহে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।
গার্লফ্রেন্ডের মন রক্ষা করার উপায়
বইটি সিঙ্গেলদের জন্য নয়, মিঙ্গেল পুরুষদের জন্য। মিঙ্গেল পুরুষেরা কিভাবে তাদের গার্লফ্রেন্ডের মন রক্ষা করবেন তা জানতে পারবেন বইটি পড়ে। বইটির লেখক ছ্যাকাখোর। ছ্যাকাখোর লেখকের ছদ্মনাম। যিনি সম্প্রতি তার গার্লফ্রেন্ডের মন রক্ষা করতে না পারার দায়ে নতুন আরেকটি ছ্যাঁকা খেয়েছেন।
বউয়ের মন রক্ষা করবেন যেভাবে
যারা বউয়ের মন রক্ষা করতে গিয়ে হিমশিম খান এবং বউয়ের থেকে কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি পান সেসব বিবাহিত পুরুষদের কথা চিন্তা করে গুজব প্রকাশনী প্রকাশ করেছে বইটি। বইটির লেখক সম্প্রতি তার বউ কর্তৃক ডিভোর্সপ্রাপ্ত।
সিঙ্গেলদের মিঙ্গেল হওয়ার এক হাজার একটি উপায়
যারা একটা প্রেম করতে চান, প্রেম করে সিঙ্গেল থাকার অভিশাপ থেকে মুক্তি পেয়ে মিঙ্গেল হতে চান, তাদের জন্য এই বইটি দারুণ উপকারী হবে। তবে দুঃখের বিষয় এটাই যে, এই বইয়ের লেখক পঁচিশ বছর বয়সী সিঙ্গেল খান এখন পর্যন্ত একটাও প্রেম করতে পারেননি মানে মিঙ্গেল না হয়ে এখনো তিনি সিঙ্গেলই আছেন।
ত্রিশদিনে এমবিবিএস ডাক্তার হন
যারা কয়েক লাখ টাকা ব্যয় করে আর অধিক পড়াশোনা করে এমবিবিএস ডাক্তার হতে পারবেন না, কিন্তু এমবিবিএস ডাক্তার হওয়ার খুব ইচ্ছা আছে, তাদের কথা চিন্তা করে এবারের বইমেলায় গুজব প্রকাশনী এই বইটি প্রকাশ করেছে। বইটির লেখক হাতুড়ে ডাক্তার কদম আলী।
