মধুমাসে সহজেই মেলে বাঙালির জাতীয় ফল কাঁঠাল। এই ফলের ভিন্ন স্বাদ নিতে বাসায় বসে তৈরি করতে পারেন মজাদার রেসিপি। তেমনি ৪টি রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী জেসমিন আক্তার জেসি
ক্রিমি জ্যাকফ্রুট উইথ নাটস্
উপকরণ :কাঁচা কাঁঠাল ২ কাপ, (সিদ্ধ করে ব্লেন্ড করা), কন্ডেসমিল্ক ১/২ কাপ, ক্রীম ১/২ কাপ, এলাচ ৪টি, ঘি ১ টেবিল চামচ, কিশমিশ ৬/৭ পিস, কাজু বাদাম ১ টেবিল চামচ, পেস্তা বাদাম ১ টেবিল চামচ, দুধ ১/২ কাপ।
প্রস্তুত প্রণালি :কাঁচা কাঁঠাল টুকরা করার সময় বিচিগুলো আলাদা করে নিন। কাঁঠাল ভালো করে সিদ্ধ করুন। হালকা দুধ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার প্যানে ঘি দিয়ে এলাচ ও কিশমিশ দিন। ব্লেন্ড করা মিশ্রণটি ঢেলে দিন। দুধ দিন নাড়তে থাকুন। কন্ডেসমিল্ক দিন। একটু ঘন হয়ে এলে ক্রীম ও সব রকম বাদাম দিন। হয়ে এলে নামিয়ে ডেজার্ট গ্লাসে সাজিয়ে পরিবেশন করুন।
কাঁচাকাঁঠাল চিংড়ি
উপকরণ :৫০০ গ্রাম কাঁচা কাঁঠাল, ২০০ গ্রাম চিংড়ি মাছ, ১/৩ কাপ পেয়াজ কুচি, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ জিরা গুড়া, ১ চা চামচ শুকনা মরিচের গুড়া, ২ টুকরা দারুচিনি, ৩ টি আস্ত এলাচ, ১ চা চামচ হলুদ গুড়া, ১ টি তেজ পাতা, ১/৩ কাপ তেল, পরিমাণ মত লবণ, ১/২ চা চামচ টালা গরম মশলা, ৩টি লবঙ্গ।
প্রণালী :ছোট ছোট টুকরো করে কাঁঠাল কেটে নিন। কাটার সময় হাতে অবশ্যই সরিষার তেল মেখে নিতে হবে, না হলে হাতে কাঁঠালের আঠা আটকে যেতে পারে। এবার ফুটন্ত গরম পানিতে ২ মিনিট মতো ভাপিয়ে ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলোকে লবণ-হলুদ মাখিয়ে তেলে লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিন। তেল গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, আস্ত এলাচ, লবঙ্গ দিয়ে কিছুক্ষণ নেড়ে একে একে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুড়া, লবণ ও সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে কাঁঠাল দিয়ে ভালো করে মিশিয়ে দেড় কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে প্রায় ১৫-২০ মিনিট। ১৫-২০ মিনিট পর পানি শুকিয়ে আসলে এর মধ্যে ভাজা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
কষানো হয়ে গেলে ১ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রান্না করতে হবে আরও ৫-১০ মিনিট। ৫-১০ মিনিট পর পানি পুরোপুরি শুকিয়ে আসলে এবং কাঠাল ভালোমত সেদ্ধ হয়ে গেলে কিছু পরিমাণ কাঁঠাল একটু ম্যাশ করে দিন। এরপর আঁচ বন্ধ করে উপর থেকে টালা গরম মসলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ ও গোল মরিচ) ছড়িয়ে পরিবেশন করুন মজাদার কাঁঠাল।
জ্যাকফ্রুট নাগা পিজ্জা
ডো তৈরি করবেন যেভাবে :২ কাপ ময়দা, ১ টেবিল চামচ ইস্ট, চিনি ২ চামচ, লবণ ও পানি পরিমাণ মতো, ৪ টে চামচ অলিভ ওয়েল (তেল) একটু গরম পানি আলাদা করে ইস্ট ও চিনি গুলিয়ে কমপক্ষে ১০ মিনিট রাখতে হবে। ময়দার সাথে লবণ মিশিয়ে রাখতে হবে।
এবার একটা বড় পাত্রে ২ কাপ ময়দার সাথে ইস্ট গুলানো পানি দিয়ে মাখাতে হবে। এবার ময়দার ডো-তে বাকি ময়দা অল্প অল্প করে দিয়ে ভালো করে মসৃণ না হওয়া পর্যন্ত মথতে হবে। একটা কাঁচের পাত্রে ডো রেখে ঢেকে গরম জায়গায় রেখে দিতে হবে কমপক্ষে ১ ঘণ্টা। ডো ফুলে দিগুণ হয়ে যাবে।
ফিলিং তৈরি করবেন যেভাবে :কাঁচা কাঠাল সিদ্ধ ১/২ কাপ, মুরগির বুকের মাংস-১ পিস (ছোট ছোট টুকরা করা), পেঁয়াজ কুচি, তেল ২ চামচ, লবণ পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো ১/২চা চামচ, ম্যাজিক মসলা ১ চামচ, আদা এবং রসুন বাটা ১/২ চামচ করে।
প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। নরম হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে কষাতে হবে। কাঁচা কাঠাঁল সিদ্ধ করা ১/২ কাপ দিতে হবে। চিকেন ১/২ কাপ, লবণ, গোলমরিচ গুঁড়া, ম্যাজিক মসলা ১ চামচ দিয়ে রান্না করতে হবে। ৪-৫ মিনিট পর টেস্ট দেখে ভাজা হলে নামিয়ে রাখতে হবে।
পিজ্জা তৈরির প্রণালি: এখন ডো-টাকে একটু একটু ময়দা দিয়ে মথে গোল করে বেলে নিতে হবে। পিজ্জা প্যানে অলিভ অয়েল লাগিয়ে রুটি বিছিয়ে কাঁটা চামচ দিয়ে একটু কেঁচে নিতে হবে। এখন পিজ্জার সস উপরে সমানভাবে মাখিয়ে নিন। মোজরেলা চীজ ছড়িয়ে দিন।
এবার পিজ্জার ফিলিং-টা দিন। লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ রিং, ব্ল্যাক অলিভ, অরিগানো এবং আবার মোজারেলা চিজ, নাগা মরিচ টুকরা করা ছড়িয়ে আর ১৫-২০ মিনিট বেক করুন ২০০ ডিগ্রি তে। হয়ে গেল মজাদার জ্যাকফ্রুট নাগা পিজ্জা।
পাফ পেস্ট্রি
উপকরণ :ময়দা ৩কাপ, ব্ল্যাক মাস্টার্ড সিডস্ ১ চামচ, ঘি ২ টেবিল চামচ, পানি ও লবণ পরিমাণ মতো। এগুলো দিয়ে প্রথমে পাফ পেস্ট্রি ডো বানিয়ে নিতে হবে। এরপর ৩০ মিনিট রেস্টে রাখতে হবে।
পুর তৈরি :তেল ২ চামচ, মাস্টার্ড সিডস্ ১ চামচ, রসুন ১ চামচ, আদা ১/২ চামচ, পিয়াজ ৩/৪ কাপ কুচি করা, প্যানে তেল গরম করে উপরোক্ত উপকরণ দিয়ে একটু সতে্ করে, কাঁচা কাঁঠাল ১/২ কাপ সিদ্ধ করা, গ্রীন মটর সিদ্ধ করা ১/৪ কাপ, কাঁচা মরিচ ২টা কুচি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আলু ম্যাশ ১টা, আমচুর পাউডার ১ চামচ, রেড চিলি পাউডার ১ চামচ, গরম মসলা ১ চামচ, লবণ পরিমাণ মতো, ম্যাজিক মসলা ১ চামচ। এগুলো দিয়ে ভালো করে ভেজে পুর তৈরি করে নিতে হবে।
এবার ডো দিয়ে পাতলা রুটি বেলতে হবে ৬টা। কনফ্লাওয়ার ১/৩ কাপ ঘি ২/৩ টেবিল চামচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে।
এরপর একটা রুটি নিয়ে তার উপর ঘি-এর পেস্ট লাগিয়ে হালকা ময়দা ডার্স করে আরেকটা রুটি দিতে হবে। এইভাবে সবগুলো লাগিয়ে মোটা রোল বানিয়ে কেটে ছোট ছোট পিস করতে হবে। এক পিস নিয়ে একটু বেলে ভিতরে পুর ফিলিং দিয়ে আটকিয়ে দিতে হবে। এবং ডুবো তেলে অল্প আঁচে ভেজে নিলে তৈরি হবে কাঁচা কাঁঠালের মুখরোচক পাফ পেস্ট্রি।
