l রফিকুল ইসলাম
পুরুষরাও এখন ফ্যাশন সচেতন। ঋতুভেদে সেই ফ্যাশনের হাওয়ায় লাগে রঙের ছঁটা। এখন ফ্যাশন মানেই তো পোলো টি-শার্টে হ্যান্ডসাম। নিজেকে রাঙানোর এক অনন্য মাধ্যম হচ্ছে পোলো টি-শার্ট। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে, ফ্যাশনেবল মানেই ওয়্যাড্রব ভর্তি পোলা বা টি-শার্টের রাজত্বেই বসবাস। বর্তমান বাজারে শার্টের থেকে পোলো টি-শার্টের চাহিদা বেশি। সাদা, কালো, স্টাইপ, ব্লু-এসব কালার সবার বেশ পছন্দ। আবার গোল গলা, ফুল হাতা ও হাফ হাতা টি-শার্টের চাহিদাও ব্যাপক। গরমের কারণে ছেলেদের পোশাকে আরাম বেশ প্রাধান্য পাচ্ছে।
এই গরমে খেলতে, ঘুরতে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে সব জায়গাতেই মানানসই এই পোশাকগুলো। ইদানিং কিশোর বা যুবকরা পোলো টি-শার্টের দিকে বেশি ঝুঁকছে। নতুনত্ব আনতে গলায় ও কাঁধে যোগ করা হচ্ছে বাড়তি নকশা। হালকা রঙের কিংবা স্ট্রাইপ পোলো শার্ট মানিয়ে যাবে যেকোনো অনুষ্ঠানেই। সব ধরনের প্যান্টের সঙ্গেই পোলো শার্ট পরা যাবে। জিনসের প্যান্টের সঙ্গে যেমন মানিয়ে যায়, আবার পরতে পারেন গ্যাবার্ডিন প্যান্টের সঙ্গেও। সব ধরনের জুতাই মানানসই, স্নিকার, কেডস থেকে শুরু করে দুই ফিতার স্যান্ডেল পরতে পারেন অনায়াসেই। একটু গুরু গম্ভীর অনুষ্ঠানে পোলো শার্টটা শুধু প্যান্টে গুঁজে দিন। সেমি ফরমাল লুকে নিজেকে খুঁজে পাবেন। এক রঙের পোলো শার্টের পাশাপাশি চলছে স্ট্রাইপ পোলো টি-শার্ট। ব্যায়াম করা পেশিবহুল বাহু যাদের, তারা হাতায় রাবার দেওয়া কাফের পোলো শার্ট বেছে নিতে পারেন। আকর্ষণীয় দেখাবে। হালকা গড়নের হাতে রাবার ছাড়া কাফ পোলোই বেশি মানানসই। যে গড়নেই শরীর হোক না কেন, ঢিলেঢালা শার্ট না পরে বেছে নিন ফিট কিংবা সেমি ফিট পোলো শার্ট। ফ্যাশন হাউস ইজি-এর কর্ণধার তৌহিদ চৌধুরী জানালেন, পোলো শার্টের চাহিদা সর্বজনীন। সব বয়সেই পরা যায়। শুধু ব্যক্তিত্ব আর রুচি অনুযায়ী নির্দিষ্ট পোলো শার্টটি বাছাই করে নিতে হবে। এখন একরঙা পোলো শার্ট যেমন চলছে, তেমনি স্ট্রাইপ পোলো শার্টও অনেকে পছন্দ করছেন। পোলো শার্টের রঙে ও নকশায় এসেছে বৈচিত্র্য। পছন্দের যেকোনো রঙেরই পোলো শার্ট মিলবে ফ্যাশন হাউসগুলোতে। তবে উজ্জ্বল রঙের পোলো শার্টের কাটতি বেশি। ছবিতে কিংবা সেলফিতে উজ্জ্বল রংই যে বেশি চোখে লাগে! ব্র্যান্ডভেদে পোলো শার্টের বোতামের সংখ্যায় ভিন্নতা আছে। কোনো পোলো শার্টে তিন থেকে চারটি বোতাম দেখা যায়। আবার কোনোটিতে দুই বা তিনটি বোতাম। বোতামবিহীন পোলো শার্টের কদরও কম না। ফ্যাশনের জন্য অল্প বোতামের পোলোর চাহিদাই বেশি বাজারে। এই বোতামের ডিজাইনেও আছে বৈচিত্র্য। মেটালের তৈরি বোতাম পোলো শার্টে নিয়ে এসেছে ভিন্নমাত্রা। ইজি, ক্যাটস আই, এক্সট্যাসি, ইয়েলো, জেন্টল পার্ক, সেইলর, মেনজ ক্লাব, আর্টিস্টিসহ প্রায় সব ফ্যাশন হাউসেই পোলো শার্ট পাওয়া যায়। এছাড়া ঘুরে ঘুরে কিনতে চাইলে, বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেটসহ পলওয়েলে মিলবে পোলো টি-শার্ট। ব্রান্ডভেদে দামের তারতম্য হয়। ৪৫০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন পছন্দের পোলো টি-শার্ট।
