সীমান্ত জেলার বাইরেও সংক্রমণ বাড়ছে

আপডেট : ১৪ জুন ২০২১, ২০:৫৪

ইত্তেফাক ডেস্ক

সীমান্ত জেলাগুলোর বাইরেও করোনার সংক্রমণ বাড়ছে। শনাক্তের হারও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এদিকে সংক্রমণ রোধে দিনাজপুর, মেহেরপুর, চুয়াডাঙ্গার দামুড়হুদা, মাগুরা শহর ও মাগুরার মহম্মদপুর উপজেলায় লকডাউন দেওয়া হয়েছে। রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জন, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই নারীসহ তিন জন এবং নাটোরে দুই জনের মৃত্যু হয়েছে। আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

রাজশাহী:রাজশাহীতে সর্বাত্মক লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি না মানায় রবিবার ২৯ জনকে ৪৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউনের তৃতীয় দিনে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই জরিমানা করেন। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক অভিজিত কুমার সরকার জানান, বাংলাদেশ দণ্ডবিধি, সড়ক পরিবহন আইন; সংক্রামক রোগপ্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে উল্লেখিত জরিমানা করা হয় এবং জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ৮৫৬টি মাস্ক বিতরণ করেছে।

রংপুর : রংপুর বিভাগে প্রতিদিন করোনা সংক্রমণ এবং মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। এই বিভাগে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৭৯ জনের টেস্ট করে নতুন করে আট জেলায় ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময়ে  দিনাজপুুরে চার জন এবং ঠাকুরগাঁও জেলায় আরো এক জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী এক প্রেসবার্তায় এসব তথ্য জানান।

সাতক্ষীরা : করোনা উপসর্গ নিয়ে মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সমাকে) হাসপাতালে দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাত ৩টা ১০ মিনিট থেকে সকাল ৭টা ৩৭ মিনিটের মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা এসব মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।’

দিনাজপুর : করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় মঙ্গলবার সকাল থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি। গত রবিবার রাতে অনুষ্ঠিত দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিনাজপুর সদর উপজেলায় সংক্রমণের হার ৭৫ শতাংশ অতিক্রম করেছে।

বাগেরহাট : মোংলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। প্রশাসনের তিন সপ্তাহের চলমান কঠোরতম বিধিনিষেধের ১৯তম দিনে এসেও কমছে না করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাগেরহাট জেলায় ২২৭ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন ১০২ জন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

মাগুরা : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার সকাল থেকে মাগুরা শহর ও মহম্মদপুর উপজেলায় লকডাউন শুরু হয়েছে। রবিবার বিকালে জেলা প্রশাসন ও মহম্মদপুর উপজেলা এই লকডাউন ঘোষণা করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে এবং পুলিশি টহল চলছে। 

মেহেরপুর : মঙ্গলবার থেকে দু্ই সপ্তাহের জন্য মেহেরপুরে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে তিনটি গ্রামকে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। মেহেরপুর থেকে রাজশাহীগামী বিআরটিসি বাস চলাচল বন্ধ করা হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের জুম মিটিংয়ে এ সিদ্ধান্ত জানানো হয়।

নাটোর : নাটোরে করোনায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে আরো দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার নাটোর আধুনিক সদর হাসপাতাল সূত্রে মৃত্যুর বিষয়টি জানা যায়। সোমবার লকডাউনের ষষ্ঠ দিনে লকডাউন বাস্তবায়নে শহরের বিভিন্ন এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ছে বলে জানান সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।