নাটোর প্রতিনিধি
নাটোরে ড্রেন খুঁড়তে গিয়ে রাইফেলের ৩৭৯টি গুলি উদ্ধার করেছে এক কৃষক। সোমবার সকালে নাটোর সদরের বালিয়াডাঙ্গা এলাকার আয়নালের জমিতে বর্গাচাষি আফাজ উদ্দিন ড্রেন করার সময় মাটি খুঁড়তে গিয়ে এসব গুলি পান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন জানান, কৃষক আফাজ উদ্দিন জমিতে ড্রেন কাটার সময় মাটির নিচে গুলি দেখতে পান। পরে থানায় বিষয়টি জানালে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় ৩৭৯টি রাইফেলের গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ধারণা করছে, এটি মুক্তিযুদ্ধের সময় কোনো এক পক্ষের ফেলে যাওয়া থ্রি নট থ্রি রাইফেলের গুলি। তবে রাইফেলের এসব গুলি অকেজো হয়ে গেছে।
