কমলগঞ্জে সংঘর্ষে দুই চা-শ্রমিক আহত

আপডেট : ১৪ জুন ২০২১, ২১:০১

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জের ন্যাশনাল টি কোম্পানির পাত্রখোলা চা-বাগানে দখলদারিত্ব নিয়ে চা শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই শ্রমিক আহত হন। সোমবার সকাল ৮টায় চা বাগান কারখানার সামনে এ সংঘর্ষ ঘটে। চা শ্রমিকরা কাজ বন্ধ রেখে একটি অংশ কারখানার সামনে দেশীয় অস্ত্র তির-ধনুক-দা-লাঠি নিয়ে অবস্থান করছেন। চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাগানে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাত্রখোলা চা-বাগান পঞ্চায়েতের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুটি পক্ষের মধ্যে দখলদারিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরেই সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা সৃষ্টি হয়। এতে সভাপতি গ্রুপের নয়ন কুর্মী ও সম্পাদক গ্রুপের লক্ষ্মীন ধর ভৌমিক আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিত্সা গ্রহণ করছেন। ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) এ জি এম কাম পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক শামছুল ইসলাম সেলিম বলেন, আসলে বাগান ব্যবস্থাপনার কোনো সমস্যা নয়। চা বাগান পঞ্চায়েতের সভাপতি ও সাধারণ সম্পাদকের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধেই আজ পাত্রখোলা চা বাগানে এ অবস্থার সৃষ্টি। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতিও শান্ত করা হচ্ছে। সমস্যার সমাধান হবে।