সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৪ জুন ২০২১, ২০:৫৯

পাটচাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা উপজেলায় পাটচাষিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর দিনাজপুরের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক প্রমুখ।

মাতৃমৃত্যুর হার কমাতে সচেতনতামূলক কর্মশালা

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা হাতিয়ায় মাতৃমৃত্যুর হার কমাতে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে  বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. নাজিম উদ্দিন।

সবজির বীজ বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে কৃষান-কৃষানিদের মধ্যে বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে এসব বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০ কৃষান-কৃষানির মধ্যে এসব বীজ বিতরণ করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিলন, আরাফাত জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।

মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান ডা. রাফি উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ওসি হাবিবুল্লাহ সরকার প্রমুখ।

বয়ঃসন্ধিকালের স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা উপজেলায় কিশোর-কিশোরীর বয়ঃসন্ধিকালের স্বাস্থ্যসেবা বিষয়ক দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সোমবার সমাপ্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এডোলসেন্ট অ্যান্ড স্কুল হেলথ প্রোগ্রামের ব্যবস্থাপনায় উপজেলা হেলথ কমপ্লেক্স হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান (ইউএইচএএফপিও) ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিক্যাল আবাসিক অফিসার ডা. মামুন মোল্লা প্রমুখ।

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনাসভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গায় ভূমিসেবা সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে আলোচনাসভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।