করোনার এই ক্রান্তিলগ্নে লাফিয়ে লাফিয়ে ভোজ্য তেলের দাম বেড়েই চলেছে! ৫০ থেকে ৬০ শতাংশের বেশি দাম বেড়েছে ভোজ্য তেলের। গত বছর যে সরিষার তেলের দাম ছিল ১৬০ থেকে ১৭০ টাকা লিটার, এখন বেড়ে হয়েছে ২১০ টাকা। সয়াবিন তেল ছিল ৯৫ টাকা লিটার প্রতি, এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা। ভোজ্য তেলের দাম বাড়িয়ে তেল ব্যবসায়ীরা লুটে নিচ্ছে অবৈধ মুনাফার টাকা। এদিকে ভুগতে হচ্ছে আমজনতাকে। ভোজ্য তেলের মজুতদারি কালোবাজরি দামের ফাটকা কারবার শতভাগ বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বর্তমান ভোজ্য তেলের আকাশ ছোঁয়া দাম সেই মজুতদারি কালোবাজারির রমরমা ব্যবসা বা কারবারকে অনিবার্য করে তুলছে। আশা করি, সরকার ভোজ্য তেলের দাম কমিয়ে আনতে সচেষ্ট হবে। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না; তাহলে তেল চোরেরা এই করোনাকালে তেল চুরিতেই ব্যস্ত থাকবে তাতে সন্দেহ নেই।
মাহবুবউদ্দিন চৌধুরী
১৭ ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪
