শেয়ারবাজার
ইত্তেফাক রিপোর্ট
টানা আট কার্যদিবস পর টাকার পরিমাণে লেনদেন ২ হাজার কোটি টাকার নিচে নেমে গেছে। গতকাল সোমবার সূচকের সঙ্গে লেনদেনও কমেছে শেয়ারবাজারে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৩ দশমিক ৬১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ দশমিক ৮৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮৪ দশমিক ৫৮ পয়েন্টে এবং ২ হাজার ১৭২ দশমিক ৯৭ পয়েন্টে।
গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকার। যা আগের দিন থেকে ৩২৮ কোটি ৯১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৬৯ কোটি ৭ লাখ টাকা টাকার।
ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৩টির বা ২৭ দশমিক ৬৯ শতাংশের, শেয়ার দর কমেছে ২৫৮টির বা ৬৯ দশমিক ৩৫ শতাংশের এবং ১১টির বা ২ দশমিক ৯৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৭ দশমিক ৬৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দর বেড়েছে, কমেছে ১৯৬টির আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে গতকাল ২০ খাতের ৩৭২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব খাতের মধ্যে ৩৩টি খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। শতভাগ শেয়ার দর কমা খাতগুলো হলো : সিরামিক, সেবা ও আবাসন এবং ভ্রমণ ও অবকাশ।
জানা গেছে, সিমেন্ট খাতের পাঁচটি কোম্পানির মধ্যে সবগুলোর শেয়ার দর কমেছে। এ খাতের কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাত্ ৫ দশমিক ৪০ টাকা কমেছে স্ট্যান্ডার্ড সিরামিকের। দ্বিতীয় সর্বোচ্চ ২ দশমিক ৩০ টাকা মুন্নু সিরামিকের এবং তৃতীয় সর্বোচ্চ ১ দশমিক ৪০ টাকা কমেছে আরএকে সিরামিকের।
সেবা ও আবাসন খাতের চার কোম্পানির মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাত্ ১ দশমিক ৬০ টাকা কমেছে শমরিতা হসপিটালের। দ্বিতীয় সর্বোচ্চ ১ দশমিক ৪০ টাকা সামিট এলায়েন্স পোর্টের এবং ইস্টার্ন হাউজিং ও সাইফ পাওয়ার টেকের শেয়ার দর ০ দশমিক ৪০ টাকা করে কমেছে।
ভ্রমণ ও অবকাশ খাতের চার কোম্পানির মধ্যে তিনটি গতকাল লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাত্ ১ দশমিক ৪০ টাকা কমেছে সী পার্লের। দ্বিতীয় সর্বোচ্চ ১ দশমিক ১০ টাকা পেনিনসুলার এবং তৃতীয় সর্বোচ্চ ০ দশমিক ৬০ টাকা কমেছে ইউনিক হোটেলের শেয়ার দর।
