ইসলামী বক্তা আবু ত্বহা আদনানের সন্ধান চায় অ্যামনেস্টি

আপডেট : ১৪ জুন ২০২১, ২১:৫৭

পাঁচ দিন ধরে নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান চেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি  বলেছে, আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সহযোগী গত বৃহস্পতিবার ঢাকা থেকে নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষকে অবশ্যই তাদের অবস্থান নির্ধারণের জন্য দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। রাষ্ট্রীয় হেফাজতে থাকলে অবশ্যই তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। গতকাল সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে আদনানের সন্ধান দাবি করে সংস্থাটি।

এদিকে মুহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীর সন্ধান চেয়ে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আদনানের নিখোঁজ হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। তার ফ্যান-ফলোয়াররা হ্যাশট্যাগ দিয়ে তার খোঁজ পাওয়ার জন্য প্রচারণা চালাচ্ছেন। গতকাল দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে সচেতন তরুণ সমাজ নামের একটি সংগঠনের ব্যানারে মানববন্ধন থেকে বক্তারা বলেন, আবু ত্ব-হা ও তার তিন সঙ্গী চার দিন ধরে নিখোঁজ। আবু ত্ব-হা মুহাম্মদ আদনান একজন শিক্ষিত মানুষ। যিনি সমসাময়িক বিষয়গুলো থেকে ইসলামের মৌলিক বিষয়ের সঙ্গে মিল রেখে বক্তব্য দিতেন। তিনি আমাদের তরুণ সমাজকে ঈমানের চেতনায় উদ্বুদ্ধ করতেন। উনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। এরপরেও তিনি চার দিন ধরে নিখোঁজ।

রংপুরে পরিবারের সদস্যরা তার গুম হওয়ার ঘটনায় মামলা দায়ের করতে গিয়েছিল, কিন্তু থানা তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন বক্তারা। এদিকে আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা আদনানকে উদ্ধারের জন্য তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে। তার দুগ্ধপোষ্য দুইটি সন্তান কান্নাকাটি করছে। তার পরিবার আছে আতঙ্কে।

তার স্ত্রী সাবেকুন নাহার জানান, আদনানের নিখোঁজ হওয়ার ঘটনায় রাজধানীর দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই জিডি বা মামলা নেয়নি। গত বৃহস্পতিবার দুপুরে রংপুর থেকে ঢাকায় রওনা হয়েছিলেন। দিবাগত রাত ২টা ৩৭ মিনিটে তার (আদনান) সঙ্গে শেষ কথা হয়। উনি তখন গাবতলী ছিলেন। এরপর রাত ৩টা থেকে তার ফোন বন্ধ পাই। নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে গাড়ি চালকসহ আরো তিন জন সহকর্মী ছিলেন। আমরা আতঙ্কে দিনযাপন করছি। প্রশাসন সহযোগিতা করছে না। এ ঘটনায় রংপুর সদর থানায় একটি সাধারণ ডায়ারি করা হয়েছে।