স্টাফ রিপোর্টার, রাজশাহী ও খুলনা অফিস
করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে নগরীতে মসজিদভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন। আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ও ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (সিডিসি) সার্বিক সহযোগিতায় নগরীতে জনসমাগম বেশি হয় এমন পাঁচটি গুরুত্বপূর্ণ মসজিদে সিটি করপোরেশনের পক্ষ থেকে দুই মাসব্যাপী এই জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। খুলনা জেলা ও মহানগরীতে ১৩ জুন থেকে শুরু হওয়া সাত দিনের বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষ্যে ২৪ জন ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছেন।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের ১০ জন করোনা পজিটিভ ছিলেন, বাকি দুই জনের করোনার উপসর্গ ছিল। গত রবিবার সকাল থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় তারা মারা যান।
খুলনা জেলা ও মহানগরীতে ১৩ জুন থেকে শুরু হওয়া সাত দিনের বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষ্যে ২৪ জন ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা মহানগর ও জেলায় আলাদা আলাদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এদিকে রবিবার বিধিনিষেধের প্রথম দিন উপজেলা ও মহানগর মিলিয়ে ৪০টি মামলা দায়ের করা হয়। এ সময় ৪৮ জনকে ৭০ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন, খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট (মিডিয়া) দেবাশীষ বসাক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খুলনার বিভিন্ন উপজেলায় এবং মহানগরীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
