আওয়ামী লীগের অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে শূন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে তার স্থলাভিষিক্ত হলেন শহীদুজ্জামান সরকার। নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এত দিন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল সোমবার সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব আনলে তা গৃহীত হয়।
এদিকে, শহীদুজ্জামান সরকারের জায়গায় বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত আসনের সদস্য ওয়াসিকা আয়শা খান। এছাড়া আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সেলিম আলতাফ জর্জ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হয়েছেন কানিজ ফাতেমা আহমেদ। এই কমিটির সদস্য আসলামুল হক মারা যাওয়ায় একটি সদস্য পদ পূরণ করতে হয়েছে।
