রাজধানীর মালিবাগ এলাকায় দুই বাসের রেষারেষিতে জানালার কাঁচ ভেঙে মেহেদী হাসান রানা (২২) নামে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। মেহেদী ঢাকার একটি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, মেহেদী তুরাগ পরিবহনের একটি বাসে রামপুরার বাসায় যাচ্ছিলেন। বাসটি মালিবাগ পৌছুলে আকাশ পরিবহনের একটি বাসের সঙ্গে ই বাসের রেষারেষি শুরু হয়। একপর্যায়ে তুরাগ পরিবহনের জানালার কাঁচ ভেঙে পাশে বসা মেহেদীর মাথায় ও গলায় জোরে আঘাত লাগে। এরপরও বাস দুটি রেষারেষি করছিল। এতে অতিরিক্ত রক্তক্ষরণে বাসের ভেতরই তার মৃত্যু হয়।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ গোলাম আজম জানান, দুটি বাসের রেষারেষির সময়ে এক দিক থেকে আকাশ পরিবহনের বাসটি তুরাগের গায়ে ধাক্কা দেয়। ঐ সময় মেহেদী তুরাগ বাসের জানালার পাশেই বসা ছিলেন। এতে ভাঙা কাঁচ তার মাথা ও গলায় সজোরে আঘাত করে। তিনি আরো জানান, ঘটনার পর বাস দুটিকে জব্দ করা হয়েছে। তবে দুই চালকই পালিয়ে গেছে। গাড়ির কাগজপত্র দেখে তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
