নাটোরে আরো ৭ দিনের লকডাউন

আপডেট : ১৫ জুন ২০২১, ১৮:৪২

নাটোর পৌরসভা ও সিংড়ায় কঠোর লকডাউনে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় তার মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় জেলার করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং মৃত্যু বিবেচনা করে এই লকডাউনের মেয়াদ ১৬ জুন থেকে বাড়িয়ে ২২ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়।
 
করোনা প্রতিরোধ কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: গোলাম মোস্তফা, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মঞ্জুর রহমান প্রমুখ।No description available.
সভায় জানানো হয়, জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ এখনো উর্ধ্বমুখী, জেলায় মৃত্যুর সংখ্যাও ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার পর্যন্ত নির্ধারিত এক সপ্তাহের কঠোর লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ২২ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইত্তেফাক/এসজেড