দীপ মুখোপাধ্যায়
বেনামে রয়েছে দশখানা ফ্ল্যাট ভরপুর ব্ল্যাকমানি
তুমি আছ বলে প্রোমোটাররাজ তোলাবাজি মাস্তানি।
পুলিশ তোমাকে ঠুকেছে স্যালুট লেজ নাড়ে এক ডাকে
তোমার লম্বা হাতদুটো যেন সংসদ ছুঁয়ে থাকে।
তুমি না থাকলে সিনেমা হবে না বইপাড়া লাগে খাঁখাঁ
তোমার জন্য সমাজসেবার আসন রয়েছে রাখা।
কখনো দেখেছি দানবীর সেজে করেছ মঞ্চ আলো
রক্তদানের শিবিরে গিয়েও কাঁড়ি কাঁড়ি টাকা ঢালো।
সাজানো রয়েছে তোমার জন্য সমস্ত রাজনীতি
বিগলিত মুখ বিনয়ী হাসিতে ঝরে পড়ে সম্প্রীতি।
তোমার কথায় মন্ত্রী-নেতারা দুলিয়ে গিয়েছে মাথা
তোমাকে শয়নে-স্বপ্নে রেখেছি প্রিয় ডোনেশন দাতা।
তুমি আছ বলে আমরা রয়েছি শহরের ক্যানভাসে
তোমার ইশারা ভিড় জড়ো করে লোকজন ছুটে আসে।
লক্ষ করেছি এমুড়ো-সেমুড়ো নেচেকুঁদে ফিতে কাটো
প্রয়াজেনে শুধু লুকোচুরি খেলো কানে হয়ে যাও খাটো।
সামনে তোমাকে দেবতা ভেবেছি ভাষণে দিয়েছি তালি
কেস খাব বলে আড়ালে রেখেছি যাবতীয় গালাগালি।
ফুলে ফেঁপে আছ দু-নম্বরিতে সুগারে প্রেসারে আর
তুমি তো শুধুই সমাজসেবায় নিবেদিত অবতার!
