যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়াল

আপডেট : ১৫ জুন ২০২১, ১৯:৪৭

করোনা ভাইরাস মহামারি শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রা যে রকম স্বাভাবিক ছিল তেমনটি ফিরে আসতে শুরু করার মধ্যেই দেশটিতে কোভিড-১৯ জনিত মৃত্যু ৬ লাখ ছাড়িয়েছে। সোমবার দেশটি মৃত্যুর এই বেদনাদায়ক মাইলফলক পার করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। রয়টার্সের টালি যুক্তরাষ্ট্রে ঐ মৃতের সংখ্যা জানিয়ে বলেছে, করোনা ভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী প্রায় ৪০ লাখ লোকের মৃত্যু হয়েছে, এর প্রায় ১৫ শতাংশই হয়েছে যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ পর্যন্ত যুক্তরাষ্ট্রে শনাক্ত মোট করোনা ভাইরাস রোগীর সংখ্যা ৩ কোটি ৩৪ লাখ ৭৪ হাজার ৭৫৮ জনে দাঁড়িয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডে দেওয়া তথ্যে দেখা গেছে। এদিকে হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ জনিত মৃত্যুর সংখ্যা ৫ লাখ ৯৯ হাজার ৯৪৫, যা ৬ লাখ থেকে কিছুটা কম। দেশটির অধিকাংশ নাগরিক টিকা আওতায় আসায় সেখানে গুরুতর অসুস্থতা ও মৃত্যুর সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। শোক, দীর্ঘায়িত রোগ লক্ষণ, অর্থনৈতিক ক্ষতি ও লকডাউনের মধ্যে বিচ্ছিন্নতার শিকার হলেও এক বছরেরও বেশি সময় ধরে চল অসুস্থতা ও লকডাউন থেকে বের হয়ে আসার জন্য উদগ্রীব হয়ে আছেন দেশটির নাগরিকরা। শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যায় বিশ্বে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।