>> আফরিদা ইফরাত
কর্মমুখী ও সৃজনশীল কারিকুলাম বাস্তবায়নের মাধ্যমে চাকরির উপযোগী গ্রাজুয়েট তৈরির লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত ২০০৩ সালে রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠা করেন দেশের প্রথম ফ্যাশন ও ডিজাইন বেজড বিশ্ববিদ্যালয় ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’।
উত্তরা ১৭ নং সেক্টরে গড়ে তোলা হয়েছে এর সুপরিসর দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাস। এ পর্যন্ত দুটি সমাবর্তন সফলভাবে সম্পন্ন হয়েছে। মানসম্পন্ন সৃজনশীল শিক্ষাদানে এখানে প্রতিটি বিভাগের জন্য রয়েছে আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও অন্যান্য সুযোগ-সুবিধা। একইসঙ্গে শিক্ষাকে বাজার উপযোগী করে সুসমন্বয়ের জন্য শিক্ষার্থীদের হাতে-কলমে কর্মমুখী শিক্ষাদানে রয়েছে সহায়ক বিভিন্ন প্রতিষ্ঠান।
ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির অন্তর্ভুক্ত বিভাগসমূহ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে কাজ করার সুযোগসহ সফল উদ্যোক্তা হিসেবে ফ্যাশন হাউজ, ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠান ও অ্যাড ফার্ম তৈরি করে ব্যবসা পরিচালনা ও কর্মসংস্থান তৈরির বিরল সুযোগ পায়। এদেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত গার্মেন্টসশিল্পসহ তথ্য-প্রযুক্তি, আবাসন প্রকল্প, মিডিয়া, অ্যাড ফার্ম ও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নেও এই শিক্ষার্থীরা উল্লেখযোগ্য অবদান রাখছে। ক্রিকেট এবং ফুটবলে জাতীয় পর্যায়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রচুর সুনাম অর্জন করেছে। ক্রিকেটে এ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টের শিফন কলাবাগান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। নরওয়েতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনির্ভাসিটি ফুটবল টুর্নামেন্টে এই বিশ্ববিদ্যালয়ের জিডিএম ডিপার্টমেন্টের শিক্ষার্থী ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। এছাড়া আরো কিছুসংখ্যক শিক্ষার্থী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স স্পোর্টিং ক্লাবে খেলছেন। করোনা দুর্যোগে বিশ্ববিদ্যালয়টি অনলাইন শিক্ষাদানে বিশেষ পরিকল্পনা গ্রহণ করে শিক্ষার গুণগত মান বজায় রেখে অনলাইনে শিক্ষাদান চালিয়ে যাচ্ছে। ইউজিসি রেটিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছয় নম্বরে।
