জিতল না আর্জেন্টিনা
আর্জেন্টিনা ১ : ১ চিলি
স্পোর্টস রিপোর্টার
কোপা আমেরিকা কাপে ব্রাজিলের শুরু যতটা ঝলমলে ছিল আর্জেন্টিনার শুরু ততটা ঝলমলে হলো না। বাংলাদেশের আর্জেন্টাইন দর্শকরা রাত জেগে খেলা দেখলেন, মেসির গোল দেখে রাত জাগা স্বার্থক হলেও ম্যাচ জিততে না পারায় অনর্থক মনে হয়েছে অনেকের কাছে। আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করল চিলির বিপক্ষে।
বাংলাদেশে গভীর রাত ৩টায় খেলা শুরু। ঘুমের চোখ টিভির পর্দায় রাখা কঠিন। কোপা আমেরিকায় এবারের আসরে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। তাও আবার রিও ডি জেনেরিও, ঐতিহাসিক স্টেডিয়াম, মারাকানায় খেলা।
ঐতিহাসিক এই মাঠে চিলির বিপক্ষে প্রথমার্ধেই ফ্রিকিক হতে গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। এ ধরনের গোল আগেও দেখেছেন মেসির ভক্তরা। বার্সেলোনার জার্সি গায়ে ক্লাব ফুটবলে মেসির বাম পায়ের চোখ লাগানো ফ্রিকিক সবার কাছেই মনে আছে। নিখুঁত শট চিলির গোলকিপারের হাতের সামনে দিয়ে কোনাকুনি জালে জড়ায়। চিলির গোলকিপার ক্লদিয়া ব্রাভো শরীরটা ভাসিয়ে দিয়ে ঠেকানোর চেষ্টা করে ব্যর্থ হন। মুগ্ধ করল রাত জাগা বাংলাদেশের দর্শকদের। কিন্তু এই গোল মেসিদের তেতাতে পারেনি। গোল দেখে যাদের কাছে রাত জাগাটা স্বার্থক লেগেছিল। তাদের কাছেই অনর্থক হয়ে গেছে, যখন ম্যাচটা জিততে পারেনি। এমনও হতে পারত, ম্যাচ হেরেও যেতে পারত আর্জেন্টিনা। পিছিয়ে পেনাল্টি পেয়েছিল চিলি। চিলির ভিদালের শট আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ প্রথমেই আটকালেও সেই বল পোস্টে লেগে ফিরে আসলে পরিণত করেছেন এদুয়ার্দো জেসুস ভারগাস।
খোলস ছেড়ে বেরিয়ে আসেন মেসিরা। চিলির গোল মুখে আর্জেন্টিনা ১৮টা শট নিয়েও গোল করতে পারেনি। মেসি গঞ্জালেসকে গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন। ৭ গজ দূর হতেও গোল করতে পারেননি। গোল মিসের মহড়া দেখে রাত জাগা দর্শক হতাশ। বড় ব্যবধানেই জিততে পারত আর্জেন্টিনা। হতাশ মেসি। খেলার আগে এই মেসি বলেছিলেন একটা বড় আসরের ট্রফি ঘরে তুলতে চান। আর চিলির ভিদাল বলছিলেন তারা মেসির সব পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন। দুই দলের কণ্ঠে একটা কথা খুব এসেছে। কঠিন ম্যাচ ছিল এটি। আর্জেন্টাইন কোচ স্কালোনি এবং অধিনায়ক মেসি, দুই জনেরই খারাপ মাঠ এটা। এত বাজে মাঠে ভালো ফুটবল খেলা সম্ভব না। শনিবার ভোর ৬টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে।
