স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের ঘরোয়া ফুটবল প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগ আয়োজনের তোড়জোড় চলছে। এ লিগ আয়োজনের জন্য ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আয়োজক সংস্থা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কর্মকর্তাদের রবিবার রাতে সিজেকেএস মিডিয়া সেন্টারে বৈঠক হয়েছে। বৈঠকে সবার সম্মতিক্রমে আগামী ২৬ আগস্ট হতে চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল এবং ১৫ সেপ্টেম্বর হতে প্রথম বিভাগ ফুটবল শুরু করার সিদ্ধান্ত হয়। অবশ্যই এর আগে ৭ আগস্ট হতে ১১ আগস্ট প্রিমিয়ার লিগের এবং ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত চলবে প্রথম বিভাগ ফুটবলের দলবদল কার্যক্রম।
দ্বিপক্ষীয় বৈঠকে ক্লাব প্রতিনিধি ছাড়াও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম, সদস্যসচিব ওয়াহিদ দুলাল, সিজেকেএস ফুটবল কমিটির সহসভাপতি নজরুল ইসলাম লেদু, কমিটির সম্পাদক মোহাম্মদ শাহাজাহান উপস্থিত ছিলেন।
