কালভার্টে গর্ত, দুর্ভোগ চরমে

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:১৬

সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়ক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর-ভাতগ্রাম-ঠুটিয়াপুকুর সড়কের পাকুরিয়াবিল বাজারের অদূরে কৃষ্ণপুর জোড়া গাবেরতল এলাকায় বক্স কালভার্টের বেশকিছু অংশ ভেঙে রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রী ও চালকরা। তারা জানায়, কালভার্টটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে অচিরেই তা ভেঙে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়বে। তারা আরো জানায়, সাদুল্লাপুর উপজেলা সদরে যাতায়াতে উপজেলার ইদিলপুর ও খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষের একমাত্র সড়ক এটি। এছাড়া সড়কটি সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার মধ্যে অন্যতম সংযোগ রক্ষাকারী সড়ক।

উপজেলার ইদিলপুর ইউনিয়নের লক্ষ্মীপুর রহিমা খাতুন বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহারুল হুদা মণ্ডল বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে। বিশেষ করে সাদুল্লাপুর উপজেলা ও পলাশবাড়ী উপজেলার মধ্যে অতিদ্রুত সংযোগ রক্ষাকারী এ সড়কের কোনো বিকল্প নেই।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজু মিয়া জানান, কালভার্টটি ভেঙে যাওয়ার পরের দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। কিন্তু আজ পর্যন্ত এটি সংস্কার করা হয়নি। কালভার্টটি এখনই সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে অচিরেই এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়বে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এ এইচ এম কামরুল হাসান রনি জানান, এ সড়ক যতটুকু ধারণক্ষমতার যান চলাচল করার কথা, বাস্তবে তার চেয়ে অনেক বেশি মালপত্র নিয়ে চলাচল করছে বেশকিছু ভারী যানবাহন। এতে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। মূলত এই কারণেই বক্স কালভার্টটিও ভেঙে পড়েছে। তিনি আরো জানান, এই মুহূর্তে সড়ক বা কালভার্ট জরুরিভাবে সংস্কার করার কোনো অর্থ উপজেলা এলজিইডির তহবিলে নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ জানান, বক্স কালভার্টটি যাতে দ্রুত সময়ের মধ্যে মেরামত করা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হবে।