নারী নির্যাতন রোধে অ্যাডভোকেসি সভা
মুলাদী (বরিশাল) সংবাদদাতা মুলাদীতে গতকাল মঙ্গলবার নারী নির্যাতন ও শিশু বিয়ে রোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মুলাদী প্রেসক্লাবে বেসরকারি সংস্থা আভাসের আয়োজনে উপজেলা নারী নির্যাতন ও শিশু বিয়ে প্রতিরোধ প্ল্যাটফরমের সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামাল।
সাঁথিয়া পৌরসভার বাজেট ঘোষণা
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা সাঁথিয়া পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরে ৩৭ কোটি ১৬ লাখ ১৯ হাজার ৭২৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর সেমিনার হলে মেয়র মাহবুবুল আলমের সভাপতিত্বে কোষাধ্যক্ষ আব্দুল বারেক এ বাজেট উপস্থাপন করেন। পৌরসভার কার্যস হকারী আবু মুছা মো. শফিউল আলমের পরিচালনায় বাজেট আলোচনায় অংশ নেন পৌর বাসিন্দা অধ্যাপক আব্দুদ দাইন, প্রভাষক আব্দুল হাই প্রমুখ।
কালকিনিতে অবহিতকরণ সভা
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে মাদারীপুর জেলায় ব্যাপক হারে কুকুরকে টিকাদান কার্যক্রমের লক্ষ্যে মঙ্গলবার অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ১৮-২২ জুন পর্যন্ত কালকিনি উপজেলায় কুকুরের টিকাদান কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।
রাজবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি
রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদ। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শতাধিক বৃক্ষরোপণ করা হয়। আয়োজিত কর্মসূচিতে রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান, সংগঠনের সভাপতি সালাম তাসির, সাধারণ সম্পাদক মো. রাজ্জাকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পাটচাষিদের প্রশিক্ষণ
ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমারে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উত্পাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় মঙ্গলবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং ডোমার পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পাটচাষিদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। জেলা পাট কর্মকর্তা এ টি এম তৈয়বুর রহমান কর্মশালা উদ্বোধন করেন।
