খেলার মাঠ ধ্বংস করা যাবে না

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:২২

নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ, পাঠানটুলিতে অবস্থিত ভোকেশনাল টেকনিক্যাল ইনস্টিউটের খেলার মাঠ। স্বাধীনতার পূর্ব থেকেই এটা খেলার মাঠ হিসেবে ব্যবহূত হতো। স্বাধীনতার পর ভোকেশনাল ইন্সটিউট এই খেলার মাঠটি রেখেই নির্মিত হয়। মাঠটি এ এলাকার শিশু-কিশোর, তরুণ, যুবক তথা সর্বস্তরের মানুষের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় অবদান রেখে চলেছে। তাই এই মাঠের সঙ্গে এলাকাবাসীর রয়েছে নাড়ির সম্পর্ক। এই মাঠে খেলেই তৈরি হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক মানের ফুটবলার, ক্রিকেটার, অ্যাথলেট।

দীর্ঘদিন ধরে ক্রীড়াবিমুখ প্রতিষ্ঠান খেলার মাঠটিকে ধ্বংস করার পাঁয়তারা করে আসছে। ইদানীং প্রতিষ্ঠানের প্রশাসন ভবন নির্মাণের অজুহাতে মাঠ দখলের খবর পাওয়া মাত্রই দলমত নির্বিশেষে সবাই মাঠকে রক্ষায় বেরিয়ে আসেন। জেলা প্রশাসকের কাছে মাঠ রক্ষার দাবিতে স্মারকলিপি পেশ, মানববন্ধন, প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সবার একটাই দাবি—ভোকেশনাল খেলার মাঠকে রক্ষা করতে হবে। এমনিতেই আশেপাশের ফাঁকা জমি সব বিলীন হয়ে গেছে। ভোকেশনাল খেলার মাঠ আর আইটি স্কুলের মাঠ ছাড়া এই এলাকায় কোনো খেলার মাঠ নেই। মাঠটি অক্ষত রেখেও অন্যত্র ভবন নির্মাণ করা যায়। পরিশেষে, পাঠানটুলি ভোকেশনাল খেলার মাঠ রক্ষার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মুহাম্মদ মাসুম খান, নারায়ণগঞ্জ