৩০ বছরের মধ্যে প্রথম লোকসানে এমিরেটস গ্রুপ

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:২৪

এমিরেটস এয়ারলাইন, ডানাটাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপ গতকাল মঙ্গলবার ২০২০-২১ অর্থবছরের প্রতিবেদন প্রকাশ করেছে। ৩০ বছরেরও অধিক সময় পর গ্রুপটি প্রথমবারের মতো আর্থিক ক্ষতির শিকার হয়েছে। কোভিড-১৯ অতিমারিতে পুরো বছর ধরে ফ্লাইট চলাচল ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার ফলে রাজস্ব আয়ে ব্যাপক অবনতিকে এর মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

৩১ মার্চ ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরে গ্রুপের ক্ষতির পরিমাণ ৬০০ কোটি মার্কিন ডলার। গত বছর অবশ্য গ্রুপটি ৪৫ কোটি ৬০ লাখ ডলার মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছিল। গ্রুপের রাজস্ব আয় ৬৬ শতাংশ হ্রাস পেয়ে ৯৭০ কোটি ডলারে নেমে এসেছে।

গ্রুপের অন্যতম সদস্য এমিরেটস এয়ারলাইনের ক্ষতির পরিমাণ ৫৫০ কোটি ডলার। গতবছর এয়ারলাইনটির মুনাফা ছিল ২৮ কোটি ৮০ লাখ ডলার। এ সময়ে এয়ারলাইনটির যাত্রী ও কার্গো পরিবহন ৫৮ শতাংশ হ্রাস পেয়েছে। করোনা অতিমারিতে ফ্লাইট চলাচল ও ভ্রমণে আরোপিত নিষেধাজ্ঞা ছাড়াও ইউএই সরকার ২৫ মার্চ ২০২০ থেকে প্রায় ৮ সপ্তাহের জন্য বাণিজ্যিক উদ্দেশ্যে যাত্রী পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এসব কিছুই এয়ারলাইনটির রাজস্ব আয়ে ব্যাপক প্রভাব ফেলে। রাজস্ব আয় পূর্ববর্তী বছরের তুলনায় ৬৬ শতাংশ হ্রাস পেয়ে ৮৪০ কোটি ডলারে নেমে আসে। এসময়ে অবশ্য এয়ারলাইনটির কার্গো পরিবহন শাখা-এমিরেটস স্কাইকার্গোর রাজস্ব আয় পূর্ববর্তী বছরের ৫৩ শতাংশ বেড়ে ৪৭০ কোটি ডলারে উন্নীত হয়। গ্রুপের অপর প্রতিষ্ঠান ডানাটা প্রথমবারের মতো ক্ষতির শিকার হয়েছে এবং এর পরিমাণ ৪৯ কোটি ৬০ লাখ ডলার এবং রাজস্ব আয় ৬২ শতাংশ হ্রাস পেয়ে ১৫০ কোটি ডলারে দাঁড়ায়। —প্রেস বিজ্ঞপ্তি