ইত্তেফাক রিপোর্ট
এক দিন আগেই টাকার পরিমাণে লেনদেন ২ হাজার কোটি টাকার নিচে নেমেছে। তবে গতকাল মঙ্গলবার সূচকের সামান্য উত্থানেও লেনদেন আবার ২ হাজার কোটি টাকার ঘরে উঠেছে। গতকাল সূচক বাড়লেও লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২ দশমিক ৩১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৬ দশমিক ৮৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০ দশমিক ৫২ কমেছে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২ হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকার। যা আগের দিন থেকে ২৯২ কোটি ৪২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকার।
ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির বা ৪০ দশমিক ৮৬ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯৫টির বা ৫২ দশমিক ৪২ শতাংশের এবং ২৫টির বা ৬ দশমিক ৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
