নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:৩২

ইত্তেফাক রিপোর্ট 

রাজধানীর কদমতলীর জুরাইনে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম কবির হোসেন (২০)। গতকাল মঙ্গলবার সকালে জুরাইন কমিশনার রোডে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের সহকর্মী বাবু জানান, কবির রাজমিস্ত্রির সহকারী ছিলেন। এক সপ্তাহ হলো কাজে যোগদান করেছেন। সকালে নির্মাণাধীন সাততলা ভবনের ষষ্ঠ তলায় কাজ করার সময় মাচাংয়ের ওপরে হেঁটে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় পা পিছলে ওপর থেকে দ্বিতীয় তলায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় ১০৩ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিত্সক ১০টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।