দুর্গম পাহাড়ে কলেরা রোগীদের চিকিত্সাসেবায় সেনাবাহিনী

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:৪৫

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় কলেরা আক্রান্তদের চিকিত্সাসেবা দেওয়া হচ্ছে। ৫ নম্বর কুরুকপাতা ইউনিয়নের মাংরুমপাড়া, ম্যানলিউপাড়া এবং সমর্থংপাড়ায় গত কয়েক দিনে ব্যাপক কলেরার প্রাদুর্ভাব দেখা যায়। ঐ এলাকায় মুরং জনগোষ্ঠীর প্রায় ১৩৬ জন নারী, পুরুষ ও শিশু কলেরায় আক্রান্ত হয়েছেন, যা মোট জনসংখ্যার ৬০ ভাগ। কলেরায় আক্রান্ত অনেকে মুমূর্ষু অবস্থায় রয়েছেন। বেশ কয়েক জন মারাও গেছেন।

উক্ত এলাকায় কলেরা প্রাদুর্ভাবের শুরু থেকেই সেনাবাহিনীর টহল দলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে আক্রান্তদের মধ্যে বিতরণ করা হয়। পরে আক্রান্তদের শারীরিক অবস্থার আরো অবনতি হলে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে আলী কদম সেনা জোনের একটি মেডিক্যাল টিম আক্রান্ত এলাকায় প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত মেডিক্যাল টিমটি গত ১৪ জুন বিকাল সাড়ে ৩টায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষজ্ঞ চিকিত্সক দলসহ হেলিকপ্টারযোগে বিপুল পরিমাণ ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন এবং শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানিসহ আক্রান্ত এলাকায় গমন করে। উক্ত মেডিক্যাল টিমটি আক্রান্তদের শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সেখানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করে প্রয়োজনীয় চিকিত্সাসেবা প্রদান অব্যাহত রাখবে। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সেনা সূত্রে জানা যায়।