ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে জিহাদ (৩২) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বিকাল সোয়া ৩টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে দুপুর ১টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ ঐ এলাকার মালেক মিয়ার ছেলে। এ ঘটনায় মালু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাশিনগরের প্রভাবশালী মাদক ব্যবসায়ী ইব্রাহীম মিয়ার মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন একই এলাকার মালু মিয়ার ছেলে প্রবাসী সেলিম মিয়া। সম্প্রতি নিপার সঙ্গে তার স্বামীর মনোমালিন্য চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। গত সোমবার (১৪ জুন) প্রবাসে থাকা সেলিমের সঙ্গে মুঠোফোনে স্ত্রী নিপার কথা কাটাকাটি হয়। তর্কবিতর্ক চলাকালে সেলিম তার স্ত্রী নিপাকে বলে, তোমার বাবা মাদক ব্যবসায়ী। একথা নিপা তার বাবা ইব্রাহীমকে জানালে তার লোকজন শ্বশুরবাড়িতে গিয়ে হামলা করে। মঙ্গলবার সকালে ইব্রাহীমের লোকজনকে স্থানীয় বাজারে পেয়ে মালু মিয়ার লোকজনের ওপর হামলা করে। এ নিয়ে গ্রামের সড়কে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে।
