সিগারেটের মূল্যবৃদ্ধির দাবিতে সিলেটে সমাবেশ

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:৪৫

সিলেট অফিস

নিম্নস্তরের সিগারেটের মূল্যস্তর বৃদ্ধি, গত বাজেটে বিড়ির ওপর বৃদ্ধিকৃত চার টাকা মূল্যস্তর কমানো, নকল বিড়ি বন্ধ ও সিগারেটের ন্যায় বিড়ি বন্ধের মেয়াদ একই রাখার দাবিতে সমাবেশ করেছে সিলেট বিড়ি ভোক্তা পক্ষ। গতকাল মঙ্গলবার সিলেট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ৪ দফা দাবি পেশ করেন তারা। আরিফুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন ভোক্তা পক্ষের সভাপতি মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বাচ্চু মণ্ডল, জসিম উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অতীতে বিড়ির ওপর মাত্রাতিরিক্ত শুল্ক বৃদ্ধি করা হয়। ফলে রাজস্ব ফাঁকির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অসাধু ব্যবসায়ীরা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি তৈরি করে বাজারে বিক্রি করছে। এতে সরকার প্রকৃত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও বিড়ি বন্ধের মেয়াদ দেওয়া হয়েছে ২০৩০ সাল পর্যন্ত। অন্যদিকে সিগারেট বন্ধের মেয়াদ রাখা হয়েছে ২০৪০ সাল পর্যন্ত। দুটো সমজাতীয় পণ্য হওয়া সত্ত্বেও মেয়াদকাল ভিন্ন হওয়া সমীচীন নয়। এতে বিদেশি সিগারেট কোম্পানিগুলো একচেটিয়া ব্যবসা করার সুযোগ পাবে। আমরা এ বৈষম্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সমাবেশ থেকে ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে বিড়ির ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।