বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার
বীর মুক্তিযোদ্ধা ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অবসর নেওয়া যুগ্ম-সচিব শাহজাহান শিকদার (৮২) বার্ধক্যজনিত কারণে ঢাকা মোহম্মদপুর এলাকার নিজ বাসায় অসুস্থ অবস্থায় সোমবার বিকাল সোয়া ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৯টায় আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের পৈতৃক বাড়িতে মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিরা। পরে উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালার নেতৃত্বে থানাপুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পৈতৃক বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
ওসমান গনী
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার বীরমুক্তিযোদ্ধা ওসমান গনী ওরফে কালঠু (৬৭) গত সোমবার (১৪ জুন) সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস ও হূদেরাগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম বীরমুক্তিযোদ্ধার কফিনে পুষ্পমাল্য অর্পণ করেন। একই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তানের কমান্ডের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে নীলফামারী জেলা পুলিশ বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে এবং রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
