করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিত্সায় নওগাঁ সদর জেনারেল হাসপাতালে প্রায় এক মাস আগে সরকারের দেওয়া দুটি আইসিইউ বেড দক্ষ লোকের অভাবে স্থাপন করা যায়নি। অন্যদিকে অনুমোদনের পরও স্থাপন করা হয়নি আরটিপিসিআর ল্যাব। ফলে করোনায় উচ্চ সংক্রমণের জেলা নওগাঁয় দ্রুত করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল না পাওয়ায় নওগাঁবাসীকে দারুণ ভোগান্তি পোহাতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দেশে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে ৯ মে নওগাঁ সদর হাসপাতালে আরটিপিসিআর ল্যাব ও দুটি আইসিইউ বেড স্থাপনের অনুমোদন দেয় স্বাস্থ্য বিভাগ। তবে এক মাস পরও নওগাঁয় আরটি-পিসিআর ল্যাবের প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছায়নি। দুটি আইসিইউ বেড হাসপাতালে পৌঁছালেও দক্ষ লোকের অভাবে বসানো সম্ভব হয়নি।
নওগাঁ সদর হসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) (ভারপ্রাপ্ত) ডা. মো. আবু আনসার আলী বলেন, কবে নাগাদ আরটিপিসিআর ল্যাব ও আইসিইউ বেড স্থাপন করা হবে—এ বিষয়ে সঠিকভাবে এখন কিছু বলতে পারছেন না তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় করোনা শুরু হওয়ার পর থেকে মে মাসের আগ পর্যন্ত শনাক্তের হার ছিল গড়ে ৮ শতাংশ। ঈদের আগে মে মাসে শনাক্তের হার ছিল গড়ে ১৮ শতাংশ। ঈদের পরে শনাক্তের হার বৃদ্ধি পেয়ে ২৫ শতাংশে দাঁড়ায়। চলতি জুন মাসের গত ১৪ দিনে নওগাঁয় ১১ জন মারা গেছেন আর শনাক্ত হয়েছেন ৭৩৫ জন। গত মাসগুলোর চেয়ে চলতি মাসে মৃত্যু ও শনাক্তের হার বৃদ্ধি পেলেও সুস্থ হয়েছেন মাত্র ২০০ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৪ জন আর শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৩৬ জন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ২০৭ জন।
