রাস্তায় গাড়ি থামিয়ে মাস্তানি করে ওরা

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:৫৭

রাজধানীর শনিরআখড়া এলাকা থেকে একটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। ঐ পাঁচ জনই ‘রক কিং’ নামের কিশোর গ্যাংয়ের সদস্য। যারা মাসখানেক আগে মেয়র হানিফ ফ্লাইওভারে একটি প্রাইভেটকার থামিয়ে আরোহীদের হেনস্তা করেছিল। গত সোমবার মধ্যরাতে র্যাব-৩ এর একটি দল এই অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলেন : নাজমুল হাসান ওরফে সৈকত (২০), ইমন আহম্মেদ শুভ (২০), সুমন মিয়া (২২), আজাহারুল ইসলাম ওরফে দোলন (২১) এবং অন্তর হোসেন মোল্লা (২২)। তাদের মধ্যে সৈকত দলনেতা। এরা যাত্রাবাড়ী ও শনিরআখড়া এলাকায় রাস্তায় গাড়ি থামিয়ে মাস্তানিসহ নানা অপতত্পরতা চালিয়ে আসছিল।

র্যাব জানায়, গত ১৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়র হানিফ উড়াল সড়কের ওপর জয়কালী মন্দিরের কাছে কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি প্রাইভেটকারের গতিরোধ করে। এরপর তারা কারের চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে শারীরিকভাবে আক্রমণের জন্য উদ্যত হয়। কারে আঘাত করে। ঐ সময়ে প্রাইভেটকারে স্ত্রী-সন্তানসহ এক ব্যক্তি অবস্থান করছিলেন। কিশোর গ্রুপটি তাদের মোটরসাইকেল দিয়ে সেই কারটি ঘিরে রাখে এবং একটানা হর্ন বাজাতে থাকে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র্যাব ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে।

র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বীণা রাণী দাস জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ কিশোররা ‘রক কিং’ গ্রুপের সদস্য। এরা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন, এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালায়। এরপরই গ্রুপটিকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। র্যাবের এই কর্মকর্তা বলেন, তাদের কাছ থেকে ৩৭৪ পিস ইয়াবা, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি স্টিলের ব্যাটন, তিনটি মেটাল চেইন এবং পাঁচটি বক্সিং পাঞ্চার যন্ত্র উদ্ধার করা হয়। এর আগেও অন্তরের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধে মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।