চুনারুঘাটে পিচ্চি ছায়েদসহ পাঁচজন গ্রেফতার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৪

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলা, নারী নির্যাতন ও বন মামলার আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে লাতুরগাঁও গ্রামের মৃত ছুরুক আলীর ছেলে ডাকাতি মামলার পলাতক ও দণ্ডাদেশপ্রাপ্ত আসামি পিচ্চি ছায়েদ (৪২), উত্তর নরপতি গ্রামের মৃত ড্রাইভার আব্দুল আউয়ালের ছেলে নারী নির্যাতন মামলার আব্দুল সালাম (৩৪), বাগিয়ারগাঁও গ্রামের হাফিজ উল্লার ছেলে মদরিছ (৩২), বাসুল্লা গ্রামের ইসকান্দর আলীর ছেলে জলফু মিয়া (৩৬), আজিমাবাদ এলাকার মৃত আকবর মিয়ার ছেলে আছকির (৪০), লাতুরগাঁও গ্রামের হেলাল মিয়াকে (২৬) গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সজীব দেব রায় জানান, ছায়েদ এক বাসায় চুরি করতে গিয়ে এক গৃহকর্মীকে খুন করেছে, সে দীর্ঘ ৮ বছর যাবত্ পলাতক ছিল। সে শীর্ষ সন্ত্রাসী তালিকায়, তাকে কেউ ধরতে গেলে সে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করার চেষ্টা করত। ৭/৮ বছর পূর্বে ছায়েদকে ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়েছিল। ওসি কেএম আজমিরুজ্জামান জানান, পিচ্চি ছায়েদ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ২টি মামলায় সাজা ও ৭টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এ দিকে ছায়েদ গ্রেফতারে এলাকাবাসীর স্বস্তি ফিরে এসেছে। 

গৃহবধূর লাশ উদ্ধার

উপজেলার আমতলা গ্রামের আফিয়া খাতুন (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। সকালে থানার এসআই মহিন উদ্দিন আফিয়া খাতুনের সুরতহাল শেষে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। আফিয়া উপজেলার কমলপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে হত্যা না আত্মহত্যা বলা যাবে।