জাপা নেতা নাসিরসহ পাঁচ জন রিমান্ডে

আপডেট : ১৫ জুন ২০২১, ২২:০৭

চলচ্চিত্র অভিনেত্রী পরী মণিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেফতারের পর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে মাদক মামলায় সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিমানবন্দর থানার এ মামলায় গ্রেফতার তিন তরুণী লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধাকেও তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।

গতকাল মঙ্গলবার বিকালে তাদের আদালতে নেওয়া হলে শুনানি শেষে বিকাল পৌনে ৫টার দিকে এ আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম নিভানা খায়ের জেসী। এর আগে সোমবার সকালে সাভার মডেল থানায় ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে মামলা করার পর দুপুরে ঢাকার উত্তরার একটি বাসা থেকে এজাহারভুক্ত দুই আসামি নাসির ও অমিকে গ্রেফতার করা হয়। সে সময় ঐ বাসা থেকে মদ ও ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। ঐ বাসা থেকে নাসির ও অমির সঙ্গে তিন তরুণীকেও গ্রেফতার করা হয়।

পরে সোমবার মধ্যরাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটি দায়ের করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এসআই মানিক কুমার শিকদার। গতকাল গ্রেফতার পাঁচ জনকে ঐ মামলায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন গোয়েন্দা পুলিশের গুলশান জোনের পরিদর্শক উদয় কুমার মণ্ডল। ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম নিভানা খায়ের জেসীর আদেশে বলা হয়, নাসির ও অমিকে ১০ কার্যদিবসের মধ্যে এবং তিন নারী আসামিকে পাঁচ কার্যদিবসের মধ্যে রিমান্ডে নিতে হবে। জিজ্ঞাসাবাদ করতে হবে রিমান্ড বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা মেনে। আর নারীদের জিজ্ঞাসাবাদ করতে হবে নারী পুলিশের উপস্থিতিতে।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু, সাজ্জাদুর রহমান শিহাব ও তাপস পাল। আসামিদের পক্ষে রিমান্ডের বিরোধিতা করেন এ এইচ ইমরুল কাউছার, ঢাকা বারের সভাপতি আবদুল বাতেনসহ বেশ কয়েক জন আইনজীবী।

পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে

গতকাল সন্ধ্যায় মিন্টো রোডে ডিবি কার্যালয়ে চিত্রনায়িকা পরী মণি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। আমি ডিবিতে নিজেই এসেছি। আমাকে তারা সাহস জুগিয়েছেন। আমি আবারও কাজে ফিরব। আমি আসলে স্বস্তি নিয়ে বাঁচতে চাই।’

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে পরী মণি বলেন, ‘এখানে (ডিবি অফিসে) এসে আমি আসলে এখন মেন্টালি অনেক রিফ্রেশড। আমি যে কাজে ফিরব, এটা কেউ আমাকে কিন্তু বলেনি। আমার আশপাশে যারা ছিল তারা সবাই আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমার যে কাজে ফিরতে হবে, আমার এই শক্তিটা তারা (ডিবি কর্মকর্তারা) জুগিয়েছেন এতক্ষণ ধরে।’ পরীমণি বলেন, ‘আমার কাজ নিয়ে কথা বলেছে, আমাকে নানা রকম গুড ভাইভ দেওয়া হচ্ছে—নরমাল লাইফে কীভাবে ফিরে যাব। আমি এতটা তাদের কাছে আশা করিনি। তারা এতটা বন্ধুসুলভ, একটা ম্যাজিকের মতো হয়ে গেছে।’ তিনি বলেন, ‘আমার সঙ্গে যা হয়েছে, আমি আশাবাদী, আমি এর ন্যায়বিচার পাব। পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। আসামিদের গ্রেফতার করেছে। আমি সেদিন বলেছিলাম যে, আমাকে একটু আইজিপি মহোদয়ের সঙ্গে কথা বলার সুযোগ করে দিন। উনি আমার কথা শুনলে নিশ্চয়ই আমি ন্যায়বিচার পাব। এজন্য আমি শিল্পী সমিতি, পরিচালক-প্রযোজক সমিতির নেতাদের সহযোগিতা চেয়েছিলাম। তারা আমাকে সহযোগিতা করেননি। কিন্তু আইজিপি বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই।’ ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশিদ বলেন, ‘আমরা তাকে আশ্বস্ত করেছি, তার যে অভিযোগ, তা যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা নেব। পরী মণিকে আমরা আশ্বস্ত করেছি। তাকে অভয় দিয়েছি।

প্রসঙ্গত :সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদসহ ছয় জনের নামে মামলা দায়ের করেন পরী মণি। মামলায় তিনি অভিযোগ করেছেন, পূর্ব পরিচিত অমি গত ৮ জুন রাতে তাকে ‘পরিকল্পিতভাবে’ বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে নিয়ে যান এবং সেখানে নাসিরসহ কয়েক জন তাকে ‘ধর্ষণের চেষ্টা’ করেন।