প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত প্রযুক্তির আধুনিকায়ন ও অপরাধের ধরন পরিবর্তনের কথা তুলে ধরে বলেছেন, আমাদের সব সময় চেষ্টা ছিল এই আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) প্রশিক্ষিত হবে এবং দক্ষতা বাড়বে। সেজন্য দেশে-বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থার পাশাপাশি ভবিষ্যতে আরো সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসএফের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ অনুষ্ঠানে সংযুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একেক সময় একেক ধরনের সন্ত্রাস-জঙ্গিবাদের উত্পত্তি আসে এবং সন্ত্রাস-জঙ্গিবাদের ধরনটাও পালটায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেমন আমরা আধুনিক জীবনমান উন্নত করতে পারি, আবার অপরাধীরাও যারা সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে জড়িত তারাও কিন্তু এই প্রযুক্তিই ব্যবহার করে নতুনভাবে অপরাধ করে।’ এসএসএফের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, ‘শুধু দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী নন, বিদেশি অতিথিরা এলেও তাদের নিরাপত্তা দেওয়া কঠিন দায়িত্ব। আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, যখনই যিনি এসেছেন আমাদের এসএসএফ সদস্যরা এত চমত্কারভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে তাদের (বিদেশি অতিথি) প্রত্যেকেই প্রশংসা করেছেন। সবাই এসএসএফ সদস্যদের দক্ষতা ও আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছেন।’ অনুষ্ঠানে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে এসএসএফের পক্ষ থেকে ১০০ গৃহহীন পরিবারের জন্য ২ কোটি টাকার একটি ব্যাংক ড্রাফট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান। ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক হিসেবে এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান সম্পাদিত ‘মুজিব-বাঙালি-বাংলাদেশ’ নামে একটি ই-বুক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
‘অন্তত তিনটি করে গাছ লাগান’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ ও প্রতিবেশ ঠিক রেখে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের সংকল্প তুলে ধরে সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। গতকাল গণভবন থেকে কৃষক লীগ আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ আরো সবুজ হোক, আরো সুন্দর হোক। আমাদের পরিবেশ যেন ঠিক থাকে এবং প্রতিবেশ ঠিক রেখে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন আমরা করতে চাই।’
কৃষক লীগের উদ্যোগে প্রতি বছর পহেলা আষাঢ় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন—‘আওয়ামী লীগ, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সব সহযোগী সংগঠন এমনকি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে শুরু করে সবাইকে আমি আহ্বান জানাব যে, মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন প্রত্যেকে অন্তত তিনটা করে গাছ লাগাবেন। একটা হচ্ছে বনজ, একটা ফলদ, একটা ভেষজ। কারণ গাছ আর্থিকভাবেও মূল্য দেবে, পরিবেশও রক্ষা হবে। সেই সঙ্গে পুষ্টির জোগানও দেবে। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই এই তিনটি গাছ লাগানোর জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।’ পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল গণভবনের আঙিনায় দুটি গাছের চারা রোপণ করেন। এ সময় গণভবনে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি উপস্থিত ছিলেন।
