আরো ছয় বন্দরে পোর্ট অব কল পেল ভুটান

আপডেট : ১৫ জুন ২০২১, ২২:০৯

বাংলাদেশের ছয়টি বন্দর পোর্ট অব কল হিসেবে পেয়েছে ভুটান। গতকাল মঙ্গলবার দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে বন্দরগুলোকে পোর্ট অব কল হিসেবে গ্রহণ করেছে বাংলাদেশ। বন্দরগুলো হচ্ছে- চিলমারী, বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ, আরিচা, মাওয়া, চাঁদপুর, মোংলা, চট্টগ্রাম ও পায়রা । এর আগে নারায়ণগঞ্জ বন্দরকে পোর্ট অব কল পেয়েছিল দেশটি। এ নিয়ে সাতটি বন্দরে পণ্য উঠানামার সুযোগ পাচ্ছে দেশটি। গতকাল মঙ্গলবার দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে এসব বন্দরকে পোর্ট অব কল হিসেবে সম্মতি দেয় বাংলাদেশ। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. এ টি এম মোনেমুল হকের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেন।   বৈঠকের বিষয়ে ড. এ টি এম মোনেমুল হক বলেন, ভুটান ৯টি বন্দরকে পোর্ট অব কল চেয়েছিল। ছয়টি বন্দরকে পোর্ট অব কল হিসেবে গ্রহণ করা হয়েছে। প্রবেশ ও বের হওয়ার পয়েন্টও বেড়েছে। তিনি বলেন, এ ছাড়া ভুটানের সঙ্গে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) এ কিছু সংশোধনীর বিষয়ে একমত হয়েছি। এসব সংশোধনী দুই দেশের সরকার অনুমোদনের পর এসওপিতে সংশোধন হবে।