সম্প্রতি নাশকতার ঘটনায় ও ওয়াজ-মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বুজুর্গ ব্যক্তি ও প্রকৃত কোনো আলেমকে গ্রেফতার করা হয়নি বলে জানালেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। গতকাল মঙ্গলবার সংসদে পাশ হওয়া ‘হজ ও ওমরা ব্যবস্থাপনা বিল-২০২১’ এর সংশোধনী প্রস্তাবের ওপর কয়েকজন সংসদ সদস্যের দেওয়া বক্তব্যের জবাবে তিনি এ কথা জানান। পাশের আগে বিলটি বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবের ওপর দেওয়া বক্তব্যে বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ ও ব্যারিস্টার রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে আলেম-ওলামাদের গ্রেফতারের প্রসঙ্গ তুলে এর সমালোচনা করেন। জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, কোনো পর্যায়ে কোনো বুজুর্গ ব্যক্তি ও প্রকৃত আলেম গ্রেফতার বা মামলার আওতায় আসেননি। কেবল আলেম নামধারী কিছু অর্থ ও ক্ষমতালিপ্সু ব্যক্তি, যারা বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত; যারা ধর্মের নামে রাষ্ট্র ও সমাজবিরোধী ষড়যন্ত্রমূলক কাজে জড়িত, তারাই আইনের আওতায় এসেছেন।
ফরিদুল হক খান বলেন, যদি অন্যায়ভাবে কাউকে গ্রেফতার করা হয়ে থাকে, প্রধানমন্ত্রী তাত্ক্ষণিকভাবে জানিয়ে দিয়েছেন, তাদের ছেড়ে দেওয়া হোক। এরই মধ্যে বহু আলেমকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যারা দোষী, তাদের বিরুদ্ধেই এ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে বিলটি পাশের প্রক্রিয়ার সময় বিএনপির হারুনুর রশীদ বলেন, বর্তমান বাংলাদেশে ধর্মীয় স্কলার বা যাদের আমরা আলেম বলি, তারা সাংঘাতিক নিপীড়নের মধ্যে রয়েছে। তারা রিমান্ড ও গ্রেফতারের সম্মুখীন। তিনি বলেন, দেশের শীর্ষ ৫৬ জন আলেমের বিরুদ্ধে? দুদক নোটিশ দিয়েছে। আমি মনে করি আলেমদের আগে আমাদের সাড়ে ৩০০ এমপির বিরুদ্ধে দুদক নোটিশ দিলে তা সমাদৃত হতো।
বিলটি পাশের প্রক্রিয়ার সময় বিএনপির রুমিন ফারহানা বলেন, কোথায় মামলা করব? কার কাছে অভিযোগ করব? কেউতো জিডি নিতে রাজি হচ্ছেন না—কথাটি বলছিলেন ত্ব-হার (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান) স্ত্রী। বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ। সঙ্গে আরো তিন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। একই সময়ে একই ধরনের অভিযোগ করতে দেখেছি চিত্রনায়িকা পরী মণিকে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি ভাগ্যবতী। কারণ তার মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সেই সৌভাগ্য হয়নি বাংলাদেশের ৬০৪টি পরিবারের, যারা দীর্ঘদিন ধরে নিখোঁজ। আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির (জাপা) এমপি পীর ফজলুর রহমান, মুজিবুল হক চুন্নু ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
