‘এসো সজল শ্যামল দেয়া’

আপডেট : ১৬ জুন ২০২১, ০০:৩৭

আষাঢ়ের প্রথম দিনে আনন্দ-গানে বর্ষা ঋতুকে বরণ করলেন রাজধানীবাসী। গতকাল মঙ্গলবার রাজধানীর গেন্ডারিয়ার সীমান্ত গ্রন্থাগার প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে বর্ষা উত্সবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেছে বর্ষা উত্সব উদ্যাপন পরিষদ।

সকাল সাড়ে ৭টায় প্রবীণ শিল্পী মোহাম্মদ হাসানুর রহমান বাচ্চুর হাওয়াইয়ান গিটার বাদন দিয়ে শুরু হয় বর্ষা উত্সব। এরপর বর্ষাকথন পর্বে অংশ নেন, অধ্যাপক ড. নিগার চৌধুরী, মোরশেদ আহমেদ চৌধুরী ও মানজার চৌধুরী সুইট। দলীয় নৃত্য, একক সংগীত ও দলীয় নৃত্যের আয়োজন ছিল উত্সবে।

কানন বালা সরকার পরিবেশন করেন লোকসংগীত ‘আষাঢ় মাইসা বৃষ্টি রে’, মহাদেব ঘোষ পরিবেশন করেন রবীন্দ্রসংগীত ‘আবার এসেছে আষাঢ়’, বিজন চন্দ্র মিস্ত্রি গেয়ে শোনান নজরুলগীতি ‘বরষা এলো ঐ বরষা’, নবনীতা জাহিদ চৌধুরী পরিবেশন করেন নজরুলগীতি ‘এসো সজল শ্যামল দেয়া’, শ্রাবণী গুহ রায় পরিবেশন করেন ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’। ‘মেঘের ডমরু’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন, ‘রুমঝুম কে বাজায়’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে বাফার শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন ও আহসান উল্ল­াহ তমাল। দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন্দ্র শিল্পী গোষ্ঠী ও বাফার শিল্পীরা।