হেফাজত নেতা আজহারুল গ্রেফতার

আপডেট : ১৬ জুন ২০২১, ০০:৩৭

ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। যাত্রাবাড়ী থানায় গত ২৭ মার্চ রুজু হওয়া একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে নাশকতা মামলায় হেফাজতের অন্তত ৫০ নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল আজহারুল ইসলাম মুকুলকে আদালতে পাঠানো হলে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জানা গেছে, ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলারও তিনি আসামি।

বিগত ছয় মাসে হেফাজতের কর্মকাণ্ড ও নেতাদের গ্রেফতারের মধ্যেই ঢাকা মহানগরে হেফাজতে ইসলামের কমিটিও ঘোষণা করা হয়েছিল। সেই কমিটির সভাপতি হয়েছিলেন জুনায়েদ আল হাবিব, সাধারণ সম্পাদক হয়েছিলেন মামুনুল হক। বর্তমানে তারা দুই জনই নাশকতা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। আজহারুল ইসলাম ছিলেন সেই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকেও এবার গ্রেফতার করা হলো।