ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরী মণির করা মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদকে ‘ভালো লোক’ হিসেবে আখ্যায়িত করলেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। গতকাল মঙ্গলবার সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি নাসিরের পক্ষ নিয়ে একথা বলেন। উল্লেখ্য, নাসির উদ্দিন মাহমুদ জাপার প্রেসিডিয়াম সদস্য।
চুন্নু বলেন, সোমবার সংসদে একজন সদস্য নাইকা পরী মণির জন্য বিচার চেয়েছেন। একজন গ্রেফতার হয়েছেন। আমি তাকে চিনি। উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। তিনি জাপা করেন। তিনি ভালো লোক। মিডিয়ার কারণে অনেক সময় ভালো লোক আগেই শাস্তি পেয়ে যান। মিডিয়াকে অনুরোধ করব—আপনারা নিরপেক্ষভাবে প্রকৃত ঘটনা তুলে ধরুন, এতে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগেই নিরপরাধ কেউ অন্তত শাস্তি পাবেন না।
‘টাকা পাচারকারীদের নাম আপনি বের করুন’
মুজিবুল হক চুন্নু তার বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খাপছাড়া’ কবিতা আবৃত্তি করে বলেন, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা অনেক বড়। বাসায় বসে পড়েছি। আগামাথা কিছু পাইনি। অর্থমন্ত্রী সংসদে বলেছেন—কারও কাছে টাকা পাচারকারীদের নাম থাকলে তালিকা দিন। আমি অর্থমন্ত্রীকে বলব- নাম আপনি বের করুন। আমরা কী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে, যে নাম বের করব? এত ফিরিস্ত দিলেন। আপনার গোয়েন্দা আছে, আরো কত সংস্থা আছে। আপনি বের করুন। মিডিয়ায় দেখেছি এই সংসদের একজন এমপির স্ত্রী কানাডার বাড়িতে হেঁটে বেড়াচ্ছেন।
জাপার চুন্নু আরো বলেন, বিএনপির হারুন সাহেব (বিএনপি দলীয় এমপি হারুনুর রশীদ) বলেছেন— দুদক কেন আমাদের সম্পদের খোঁজ নিচ্ছে না। এলাকায় গেলে লোকে বলে- ৫ লাখ টাকা দিন, আমি তখন বলি- অত টাকা! বলি এত টাকা কোথায় পাব? তখন তারা বলেন এমপি-মন্ত্রীদের টাকার অভাব আছে না কি? আমাদের সম্পদের খোঁজ নিন। সঙ্গে সামরিক-বেসামরিক আমলা-ব্যবসায়ীদেরও সম্পদের হিসাব নিন। আমরাও হিসাব দেব। নির্বাচনের সময় আমলনামায় যে হিসাব দিয়েছিলাম, তার থেকে বেশি যদি পাওয়া যায় আমি ফেরত দেব। নিয়ে যাক। আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি, দুদককে বলব— আমাদের সম্পদের হিসাব নিন।
