তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে যুদ্ধবিমানসহ ২৮টি চীনা বিমান

আপডেট : ১৬ জুন ২০২১, ০০:৩৭

তাইওয়ানের আকাশে রেকর্ডসংখ্যক যুদ্ধবিমান নিয়ে প্রবেশ করেছে চীনা প্রতিরক্ষা বাহিনী। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে তাইওয়ান জানিয়েছে। চলতি বছরে দেশটিতে চীনের এটিই সবচেয়ে বড় অনুপ্রবেশ। খবর রয়টার্সের

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীন তার কথিত বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) ২৮টি উড়োজাহাজ নিয়ে প্রবেশ করে, যার মধ্যে ছিল যুদ্ধবিমান ও পারমাণবিক বোমাবাহী উড়োজাহাজও। এই অনুপ্রবেশ এমন সময় ঘটল যার দুই দিন আগে জি-৭ সম্মেলনে তাইওয়ান নিয়ে পশ্চিমা বিশ্ব কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে। চীনকে সতর্কবার্তাও দিয়েছে। চীন এর কড়া নিন্দা জানিয়েছে। তাইওয়ানকে চীন নিজের আলাদা একটি প্রদেশ হিসেবে দেখে থাকে। তবে গণতান্ত্রিক সরকারের অধীনে থাকা তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনের সর্বশেষ এ অভিযানে ১৪ জে-১৬ এবং ছয়টি জে-১১ যুদ্ধবিমান, পরমাণু অস্ত্র বহনকারী চারটি এইচ-৬ বোমারু বিমান, সাবমেরিন বিধ্বংসী, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সতর্কবার্তা দেওয়ার উড়োজাহাজ ছিল।