আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

নবীন-প্রবীণদের কাছে ভিডিও শুভেচ্ছাবার্তা আহ্বান

আপডেট : ১৬ জুন ২০২১, ০০:৩৮

আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আটটি নির্দিষ্ট বিষয়ের ওপর  দলের প্রবীণ নেতৃবৃন্দ এবং তরুণ প্রজন্মের কাছ থেকে ভিডিও শুভেচ্ছাবার্তা আহ্বান করেছে। নির্দিষ্ট বিষয়বস্তুর ওপর প্রাসঙ্গিক শুভেচ্ছাবার্তা থেকে নির্বাচিত কিছু ভিডিও আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশ করা হবে। বিষয়টি সার্বক্ষণিক মনিটর করছে দলের  গবেষণা সেল-সিআরআই।

এ বিষয়ে সিআরআইয়ের কো-অর্ডিনেটর প্রকৌশলী তন্ময় আহম্মেদ বলেন, আওয়ামী লীগের প্রবীণ নেতাদের আন্দোলন সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তাই নিজের মোবাইল বা ট্যাবে  ভিডিও করে মেইল করতে পারেন যে কেউ। মেইলের সাবজেক্টে  অবশ্যই  ‘Video Message ALBD 72nd Anniversary-Youth’ লিখতে হবে।  পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়।  শুভেচ্ছাবার্তা পাঠানোর শেষ সময় আগামী ২০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রসঙ্গত, প্রবীন নেতাদের শুভেচ্ছাবার্তার বিষয়বস্তু ঠিক করা হয়েছে—বঙ্গবন্ধুর সংগ্রামের ইতিহাস, শেখ হাসিনার সংগ্রামের ইতিহাস এবং নিজের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। অন্যদিকে তরুণদের কাছে যেসব বিষয়বস্তুর  ওপর শুভেচ্ছাবার্তা আহ্বান করা হয়েছে সেগুলো হলো—করোনা মোকাবিলায় আওয়ামী লীগের পদক্ষেপ, গত ১২ বছরে  আওয়ামী লীগের সাফল্য ও ব্যর্থতা, আওয়ামী লীগের কাছে তরুণদের প্রত্যাশা, সরকারের বিভিন্ন কাজের মূল্যায়ন  এবং দেশকে এগিয়ে  নিতে তরুণদের পরামর্শ।