সিভাসু’র হাটহাজারী ক্যাম্পাসে বঙ্গবন্ধু, মহিউদ্দিন ও আখতারুজ্জামানের নামে তিনটি হলের নামকরণ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৬

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের হাটহাজারীস্থ দ্বিতীয় ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবনের নামকরণ চূড়ান্ত করা হয়েছে। গতকাল শনিবার সিভাসুর সিন্ডিকেটের ৪২তম অধিবেশনে এই তিনটি ভবনের নামকরণ প্রস্তাব অনুমোদিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। হলের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নামে ছাত্রহল, এবিএম মহিউদ্দিন চৌধুরী’র নামে একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আখতারুজ্জামান চৌধুরী বাবু’র নামে একাডেমিক গবেষণা ভবনের নামকরণ করা হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হাটহাজারীতে ২০ একর জমির উপর রিসার্চ এন্ড ফার্ম বেইজড ক্যাম্পাস (দ্বিতীয় ক্যাম্পাস) স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এ ক্যাম্পাস স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। খুব শীঘ্রই উক্ত প্রকল্পের কাজ সম্পন্ন হবে। ওই ক্যাম্পাসে ২টি নতুন অনুষদ, ২টি ইনস্টিটিউট, ফার্ম ও হ্যাচারী এবং পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে গবেষণা করার যাবতীয় সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে।