নেত্রকোনার বারহাট্টায় নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৮

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের গোলামখালি নদী থেকে বারহাট্টা পুলিশ গতকাল শনিবার দুপুরে আব্দুল হালিম (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে।

সে বাউসি ইউনিয়নের মোয়াডি গ্রামের হবিবুর রহমানের পুত্র। সে জামরুলের চায়ের দোকানের কর্মচারী ছিল। বারহাট্টা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে হালিম নিখোঁজ হয়। পরে গোলামখালি নদীতে এক কিশোরের লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এই লাশ হালিমের বলে পরে সনাক্ত করা হয়। বারহাট্টা থানার ওসি বদরুল আলম বলেন, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে খুন করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে কিনা তা পরীক্ষা না করা পর্যন্ত বলা যাবে না।