রয়টার্স
উত্তর কোরিয়ার সর্বিক অর্থনীতির উন্নতি হলেও করোনা ভাইরাস মহামারি এবং গত বছরের টাইফুনের কারণে খাদ্য পরিস্থিতি ‘কঠিন’ হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। তিনি এ পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে গতকাল বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।
বার্তা সংস্থা কেসিএনের ভাষ্য অনুযায়ী, অথনৈতিক সমস্যা সমাধানের জন্য গ্রহণ করা প্রধান নীতি এবং সেগুলো বাস্তবায়নবিষয়ক অগ্রগতি পর্যালোচনার জন্য মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে হয়, এতে সভাপতিত্ব করেন কিম। ফেব্রুয়ারিতে আগের বৈঠকে খাদ্য ও ধাতুর উত্পাদন বাড়ানোসহ নতুন পঞ্চবার্ষিক অর্থনৈতিক পরিকল্পনায় বিভিন্ন লক্ষ্য ও কর্মসূচি নির্ধারণ করেছিল এই কমিটি।
কিম বলেন, চলতি বছরের প্রথমার্ধে সার্বিক অর্থনীতির উন্নতি হয়েছে, মোট শিল্প উত্পাদন এক বছর আগের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে, কিন্তু বেশ কয়েকটি বাধার কারণে পরিকল্পনা বাস্তবায়নে পার্টির উদ্যোগে ‘ধারাবাহিক বিচ্যুতি’ ঘটেছে। এর মধ্যে খাদ্য সরবরাহ পরিস্থিতি টানটান অবস্থায় আছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘গত বছরের টাইফুনের ক্ষয়ক্ষতির কারণে কৃষি খাত তাদের শস্য উত্পাদন পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করতে না পারায় জনগণের খাদ্য পরিস্থিতিতে এখন চাপ পড়ছে।’
কেসিএনএ জানিয়েছে, ওয়ার্কার্স পার্টি চলতি বছর তাদের সব উদ্যোগ কৃষিকাজে নিয়োজিত করার ব্রত নিয়েছে এবং কোভিড-১৯ মহামারি মোকাবিলা করার উপায় নিয়েও আলোচনা করেছে। বৈঠকে গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি সীমিত করার জন্য পদক্ষেপ নিয়ে চলতি বছরের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কিম।
