কানাডার সেনাপ্রধানের পর এবার সেকেন্ড-ইন-কমান্ডের পদত্যাগ

আপডেট : ১৬ জুন ২০২১, ২০:৩৫

কানাডা প্রতিনিধি

কানাডার সাবেক প্রতিরক্ষাপ্রধান জেনারেল জোনাথন ভান্সের সঙ্গে গলফ খেলায় সমালোচনার সম্মুখীন হয়ে পদত্যাগ করেছেন দেশটির সামরিক বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মাইক রোল্যু। জোনাথন ভান্সের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত চলছে।

কানাডার সেনাপ্রধান অ্যাডমিরাল আর্ট ম্যাকডোনাল্ড গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন। সেই পদত্যাগের কারণও ছিল একই রকমের, অর্থাত্ ২০১০ সালে এক নারী সেনার সঙ্গে ম্যাকডোনাল্ডের যৌনতার অভিযোগ। মাইক রোল্যু স্বীকার করেছেন, তার এমন কর্মকাণ্ড সামরিক বাহিনীর মধ্যে আস্থার ঘাটতি তৈরিতে ভূমিকা রেখেছে এবং বাহিনীর মধ্যে এর প্রভাব ফেলেছে। স্থানীয় একটি পত্রিকার খবরে বলা হয়েছে, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের পরই পদত্যাগের সিদ্ধান্ত নেন মাইক রোল্যু।