অভিনয়ের মম

আপডেট : ১৬ জুন ২০২১, ২০:৩৬

সুন্দর অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছেন লাক্স তারকা জাকিয়া বারী মম। ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় করছেন নানা ভিন্নধর্মী চরিত্রে। প্রতিভাময়ী এই অভিনেত্রীর বর্তমান কাজ ও আগামীর ভাবনা নিয়ে লিখেছেন অজেয় চৌধুরী

টিভি নাটকে এই প্রজন্মের একজন নন্দিত ভার্সেটাইল অভিনেত্রী তিনি। কিছুদিন আগেও মমকে শুধু রোমান্টিক ঘরানার গল্পের নাটকে দেখা গেছে। কিন্তু সময়ের ধারাবাহিকতায় তিনি নিজেকে শুধু এক ঘরানার গল্পের নাটকের আঙ্গিনা থেকে নিজেকে ভেঙ্গেছেন। ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজেকে গড়ে তুলেছেন একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে। যে কারণে নির্মাতারাও তাকে নিয়ে ভিন্ন ধরনের গল্প এবং চরিত্র ঘিরে নাটক নির্মাণের কথা ভাবছেন, কেউ কেউ আবার তাকে নিয়ে এমন কিছু কাজ করেছেন যেসব চরিত্রে মমকে আগে কখনো দেখা যায়নি। ঠিক তেমনি একটি দুর্দান্ত চরিত্রে অভিনয় করেছেন মম মাসুম রেজার রচনায় ও গৌতম কৈরীর পরিচালনায় ‘গৃহগল্প’ ধারাবাহিক নাটকে। এই প্রথম গৃহকর্মীদের নিয়ে তৈরি হয়েছে আট পর্বের ধারাবাহিক ‘গৃহগল্প’। ধারাবাহিকটিতে গৃহকর্মীর  জীবনের আনন্দ, বেদনা, সংগ্রামসহ— না বলা অনেক কথা তুলে আনা হয়েছে। এতে একজন গৃহকর্মীর ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। গত ১৫ জুন সন্ধ্যায় চ্যানেল আইয়ে ধারাবাহিকটির প্রথম পর্ব প্রচার হয়। এতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘এই নাটকে গৃহকর্মীর  জীবনের আনন্দ, বেদনা, সংগ্রামের কথা উঠে এসেছে। এতে একজন গৃহকর্মীর ভূমিকায় অভিনয় করেছি। আমার চরিত্রে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এরকম সুন্দর একটি গল্পের নাটকে অভিনয় করতে পেরে আমি আনন্দিত।’ নাটকটিতে সহশিল্পী হিসেবে মম পেয়েছেন জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী শর্মিলী আহমেদ, গুণী অভিনেতা মানস বন্দ্যোপাধ্যায়সহ আরো বেশ কয়েকজনকে। গৃহকর্মীর ভূমিকায় মমর অভিনয় প্রসঙ্গে শর্মিলী আহমেদ বলেন, ‘মম তো খুবই ভালো অভিনয় করে। গৃহকর্মীর ভূমিকায় মম খুব চমত্কার অভিনয় করেছে। আমি এই নাটকে তার অভিনয় নিয়ে খুবই আশাবাদী।’ মানস বন্দ্যোপাধ্যায় মমর অভিনয় প্রসঙ্গে বলেন, ‘মম সত্যিকার অর্থেই খুব ভালো একজন অভিনেত্রী। সে আসলেই ভালো অভিনয় করে। একজন গৃহকর্মীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে চরিত্রের গভীরে প্রবেশ করে চরিত্রটিকে প্রাণবন্ত করে তুলেছে। কিছু দৃশ্যে  তার অভিনয় এতটাই অসাধারণ হয়েছে যে আমি মুগ্ধ হয়ে তার অভিনয় দেখছিলাম। আমার বিশ্বাস গৃহগল্প ধারাবাহিকে মমর অভিনয় দর্শককে মুগ্ধ করবে।’ জাকিয়া বারী মম তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাতে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। প্রথম সিনেমাতে অভিনয় করেই তিনি তার মেধার স্বাক্ষর রাখতে পেরেছেন। পরবর্তী সময়ে সিনেমাতে এবং নাটকে অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসার প্রিয় একজন অভিনেত্রীতে নিজেকে পরিণত করেন। ‘প্রেম করবো তোমার সাথে’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘আলতাবাণু’, ‘দহন’ ও ‘স্বপ্নের ঘর’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন মম। অন্যদের মতো মমও তার পরবর্তী প্রজন্মকে নিয়ে ভাবেন। নতুন প্রজন্মকে পরামর্শ দেওয়ার প্রসঙ্গটি তার সামনে তুলে ধরতেই তিনি বলেন, ‘আমি মনে করি, অভিনয়, মডেলিং বা অন্য কোনো কাজ— যিনি যে কাজই করুন না কেন, প্রথমেই কাজটাকে খুব বেশি ভালোবাসতে হবে। পেশাগত দায়িত্ব পালন করতে গেলে হয়তো পরিবার থেকে কিছুটা হলেও বাধা আসতে পারে, তবে তা সুন্দরভাবে সমাধানের চেষ্টা করতে হবে কাজের সাফল্যের মাধ্যমে। আমি মনে করি, প্রত্যেকটি মানুষেরই পরিশ্রমের নির্দিষ্ট একটা বয়স থাকে, সেই সময়টা ভালোভাবে কাজে লাগিয়ে নিজেকে নিয়ে যেতে হবে স্বপ্নের জায়গায়।’