মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে গোড়াই-সখীপুর-ঢাকা ভাঙাচোরা সড়কে জলাবদ্ধতার কারণে যানজটে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একটু বৃষ্টি হলেই রাস্তার ওপর পানি জমে যায়। বুধবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাঁটুভাঙ্গা রোডের মীর মিল্টন প্লাজার মালিক মীর শরীফ মাহমুদ এবং টাঙ্গাইল জেলা যুবলীগের সহসম্পাদক মীর মইন হোসেন রাজিবসহ একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ‘গোড়াই-সখীপুর-ঢাকা রোড একটি ব্যস্ততম সড়ক। সখীপুর, মধুপুর, ঘাটাইল উপজেলাসহ পার্শ্ববর্তী জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ জেলার শতশত যানবাহান এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। এছাড়া গোড়াইতে ইন্ডাস্ট্রিয়াল পার্কসহ শিল্পাঞ্চল গড়ে ওঠায় মিলকারখানার হাজার হাজার শ্রমিক-কর্মচারীসহ এলাকাবাসী এই রোড দিয়ে চলাচল করে আসছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আঞ্চলিক সংযোগ রোড হাঁটুভাঙ্গা থেকে সৈয়দপুর এবং হাঁটুভাঙ্গা ব্রিজ পর্যন্ত এই ৫ কিলোমিটার রাস্তার দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। রাস্তার ওপর জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আশপাশের বাসিন্দাসহ চলাচলকারী পোশাক শ্রমিকদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগকে একাধিকবার অনুরোধ করার পরও আজ পর্যন্ত ড্রেন নির্মাণ করা হয়নি। এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে গোড়াই-সখীপুর-ঢাকা রোডে হাঁটুভাঙ্গা এলাকায় রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী মো. এনামুল কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোর লেনের কাজ করার সময় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান গোড়াই-সখীপুর রোড নিচু করে ফেলেছে। ড্রেন নির্মাণ করে দিবেন ঠিকাদারি প্রতিষ্ঠান।
