ইবির ক্লাস ও পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ১৯ জুন

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:০৩

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

করোনা পরিস্থিতিতে আটকে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্থগিত ও চূড়ান্ত পরীক্ষা এবং ক্লাসের বিষয়ে আগামী ১৯ জুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান দৈনিক ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২০তম সভা অনুষ্ঠিত হবে। এতে ক্লাস ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগে পরীক্ষার বিষয়ে মতামত চেয়ে বিভিন্ন অনুষদভুক্ত বিভাগগুলোকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, পরীক্ষাবিষয়ক সিদ্ধান্তগুলো উপাচার্য এককভাবে নিতে পারেন না। তাই একাডেমিক কাউন্সিলে সবার মতামত নিয়ে সমন্বয় করে পরীক্ষার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।