বরেণ্য কণ্ঠে ‘ঐশ্বর্য’

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:০৫

বিনোদন প্রতিবেদক

 

‘বরেণ্য শিল্পীদের গান আবার শ্রোতাদের শোনাতে চাই। তাই তাদের গানগুলো নতুন করে ভিন্নমাত্রা যোগ করে উপস্থাপন করছি। এতে গানগুলো সংরক্ষণের পাশাপাশি বাংলা গানের সোনালি দিনে ফিরে যাওয়ার একটি অবকাশ তৈরি হবে। তাছাড়া এই শিল্পীরা তো বাংলা গানের ঐশ্বর্য, তাই প্রজেক্টটির নামও ঐশ্বর্য রেখেছি।’—সিনিয়র শিল্পীদের নিয়ে নিজের নতুন কাজ প্রসঙ্গে কথাগুলো বললেন বরেণ্য গীতিকার আসিফ ইকবাল। তার ‘ঐশ্বর্য’ শিরোনামের নতুন এই অ্যালবামটিতে তপন চৌধুরী, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিত্, সৈয়দ আবদুল হাদী, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, আগুন’সহ বেশ কয়েকজন সিনিয়র শিল্পী গান গাইবেন। এরইমধ্যে কিছু গানের রেকডিং সম্পন্ন হয়েছে। বাকি গানগুলোও শিগগিরই রেকর্ড করে রিলিজ দেওয়া হবে। নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে মাতামাতি করা সংগীতাঙ্গনে সিনিয়র শিল্পীদের নিয়ে কাজ করার চর্চা নেই বললেই চলে। সেই জায়গায় থেকে সিনিয়রদের নিয়ে এমন প্রজেক্টের নেপথ্যে কোনো কারণ রয়েছে কি-না জানতে চাইলে আসিফ ইকবাল বলেন, ‘আমি সবসময় ব্যতিক্রমী কাজই করে থাকি। প্রজন্ম বদল গানের জগতে চলমান একটি ধারা। কিন্তু একজন শিল্পী প্রজন্ম বদল হলেই তার গান আর খুঁজে পান না। সেই জায়গা থেকেই কাজটি করছি। যাতে করে তারা নিজেদের গানগুলো ফিরে পান।’ অ্যালবামটির রিলিজ পরিকল্পনা নিয়ে তিনি আরো বলেন, ‘এটা অনেক বড় একটা প্রজেক্ট। তাছাড়া আমি সময় নিয়ে অনেক ভেবে-চিন্তে কাজ করতে পছন্দ করি। সেই জায়গা থেকে পরিকল্পনা সাজাচ্ছি গানগুলো কীভাবে, কোন মাধ্যমে রিলিজ দেওয়া যায়। এমন কিছু করতে চাই, যাতে করে গান প্রকাশের সঙ্গে সেটা সংরক্ষণেরও একটা ক্ষেত্র তৈরি হয়।’ অন্যদিকে বর্তমান সময়ে গানের সঙ্গে মিউজিক ভিডিও তৈরি একটা অনিবার্য উপাদানে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতা ঐশ্বর্য অ্যালবামের ক্ষেত্রে কতটা মানা হবে! এমন কথায় আসিফ বলেন, ‘সময়ের সঙ্গে চলতে গিয়ে আমাদের বারবার বিভিন্ন ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে হয় মিউজিক ভিডিও তেমন একটি ট্রেন্ড। তবে আমার মনে হয় মিউজিক ভিডিও দিয়ে চেষ্টা না করে গান দিয়ে আবারো হূদয় ছোঁয়ার চেষ্টা আমাদের করতে হবে। এক্সিপেরিমেন্টের সময় শেষ হয়ে গেছে। কারণ গান শোনার ভেতর দিয়েই কিন্তু মানুষের অনুভূতিকে নাড়া দেয়, দেখার মাধ্যমে নয়। তবে আমার এই প্রজেক্টটিতে মিউজিক ভিডিও অথবা অন্য কোনো ভিজ্যুয়াল থাকতে পারে।’ উন্মুক্ত মাধ্যমে গান রিলিজের কারণে এখন যে যার মতো করেই গান প্রকাশ করছে। গান প্রকাশের সংখ্যা বাড়ার সঙ্গে গানের মান নিয়েও নানা প্রশ্ন থেকে যাচ্ছে। কিছু গান শ্রোতপ্রিয়তা পেলেও অল্প সময়েই তা হারিয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে অনেকেই গানের কাব্য মূল্যকে দায়ী করছেন। এ প্রসঙ্গে আসিফ ইকবাল বলেন, ‘একজন গীতিকার যখন একটি গান লেখেন তখন কিন্তু তিনি তার চিন্তাধারার সফল প্রকাশই গানে করতে চান। কমবেশি সব গানেই কাব্য ভ্যালু থাকে। বর্তমান সময়ে গান ভালো হচ্ছে না, তা কিন্তু না। এই গানগুলো কালোতীর্ণ কি-না সেটা একযুগ পর এসে বোঝা যাবে।’

অন্যদিকে এই কাজটি ছাড়াও আসিফ ইকবাল নতুন প্রজন্মের বেশ কয়েকজন শিল্পীর গান ও কলকাতার একজন শিল্পী অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সবকিছু ঠিক থাকলে এ বছর সবগুলো কাজ প্রকাশ পাবে বলে জানান এই গীতিকার।