সুপার লিগ খেলবেন না সাকিব

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:১০

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় পর্ব তথা সুপার লিগে খেলবেন না সাকিব আল হাসান। মোহামেডানের বিশ্বস্ত সূত্র গতকাল বিষয়টি নিশ্চিত করেছে। কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন বাঁ-হাতি এ অলরাউন্ডার।

গতকাল সূত্র জানায়, মোহামেডানের সঙ্গে রাউন্ড রবীন লিগ তথা প্রথম পর্ব পর্যন্তই চুক্তি ছিল সাকিবের। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১১তম রাউন্ডে মোহামেডানের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিরুদ্ধে খেলার কথা রয়েছে তার। আগামী ১৯ জুন থেকে শুরু হওয়া সুপার লিগে তাকে পাবে না মোহামেডান।

ক্লাবের পক্ষ থেকে আজ ম্যাচের অনুরোধ করা হতে পারে সাকিবকে। যদিও পরিবারের সান্নিধ্য পেতে যুক্তরাষ্ট্রে ফিরতে চান এ অলরাউন্ডার। দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন তিনি। আইপিএল, শ্রীলঙ্কা বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবং এখন প্রিমিয়ার লিগে খেলছেন। মানসিকভাবে চাঙ্গা হতে পরিবারের কাছে পাড়ি জমাতে চান সাকিব।